নামই তার এলিমিনেট ম্যাচ। নকআউট। হারলেই বিদায়। এমন ম্যাচেও রোহিত শর্মার মতো ডেঞ্জারম্যানের ক্যাচ দু দুবার ছাড়ার মাশুল গুণল গুজরাট টাইটানস। ৫০ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে তিনিই মুম্বাই ইন্ডিয়ানসকে এনে দেন ৫ উইকেটে ২২৮ রানের সৌধ।

ব্যক্তিগত ৩ রানে প্রসিদ্ধ কৃষ্ণর বলে ও ১২ রানে মোহাম্মদ সিরাজের বলে জীবন পান মুম্বাই ও ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। প্রথমবার দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও দ্বিতীয়বার লংকান উইকেটকিপার কুশল মেন্ডিস তার ক্যাচ ছাড়েন। জীবন পেয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮১ রান করে সেই কৃষ্ণর বলেই আউট হয়েছেন তিনি। ততক্ষণে মুম্বাইয়ের দুশ ছুঁই ছুঁই। শেষ দিকে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিংয়ে (৯ বলে ২২*) মুম্বাই তুলে নেয় ২২৮ রান। এর আগে জনি বেয়ারস্টো ২২ বলে ৪৭, সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩ ও তিলক ভার্মা ১১ বলে ২৫ রান করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ও সাই কিশোর দুটি করে উইকেট নেন।

এ ম্যাচের বিজয়ী দল রোববার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। মঙ্গলবার ১৮তম আইপিএলের ফাইনাল আহমেদাবাদে।