তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান। রোববার রাতে লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৯৭ রান তাড়া করে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দলীয় ৮ রানে ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর মোহাম্মাদ হারিসকে নিয়ে ৫৩ বলে ৯২ রান যোগ করে পাকিস্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন সাইম আইয়ুব। দলীয় ১০০ রানে সাইমকে (২৯ বলে ৪৫) ফেরান তানজিম হাসান সাকিব। এরপর হারিসের সেঞ্চুরিতে ১৬ বল বাকি থাকতে দাপটে জয় তুলে নেয় পাকিস্তান। হারিস ৪৬ বলে ৮ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১০৭ রানে অপরাজিত থাকেন। হাসান নওয়াজ ১৩ বলে ২৬ ও সালমান আগা ১২ বলে ১৫ রান করেন। মেহেদী হাসান মিরাজ ২৬ রানে ৩ উইকেট নেন।

এর আগে গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৬ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ। দুর্দান্ত সূচনা করে মাত্র ১০.১ ওভারেই বাংলাদেশকে ১০০ রান এনে দেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মাত্র ২৭ বলে ফিফটি করে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরির আশা জাগান ইমন। যদিও পরপর দুই ওভারে দুজনের বিদায় ঘটে। ১১তম ওভারে তানজিদকে সাজঘরে ফেরান ফাহিম আশরাফ। পরের ওভারে স্পিনার শাদাব খানের শিকার হন ইমন। আউট হওয়ার আগে ৩৪ বলে ৬৬ রান করেন ইমন, আর তানজিদ করে যান ৩২ বলে ৪২ রান।

এরপর দলকে টানেন তাওহীদ হৃদয় (১৮ বলে ২৫), লিটন দাস (১৮ বলে ২২) ও জাকের আলীর (৯ বলে ১৫*) ব্যাটে ভর করে দুশ ছুঁই ছুঁই স্কোর গড়ে বাংলাদেশ। পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও হাসান আলী দুটি করে উইকেট নেন।

৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারানোর কৃতিত্ব দেখাল পাকিস্তান। এটা বাংলাদেশ দলের টানা দ্বিতীয় সিরিজ হার। পাকিস্তানে যাওয়ার আগে আরব আমিরাতের কাছেও ২-০তে সিরিজ হেরেছে লিটন দাসের দল।