বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হওয়ার পরদিন আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। এ সময় পূর্বসুরিদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যয় ব্যয় করেন এ চৌকস অলরাউন্ডার।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের অধীনে বাংলাদেশ দলে খেলেছেন মিরাজ। এ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ দলে (ওয়ানডেতে) আমার অভিষেক হয়েছিল মাশরাফি ভাইয়ের অধীন। আমি (খেলোয়াড় হিসেবে) অনেক অধিনায়ককে পেয়েছি। এটা আমার জন্য ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা আমি হয়তো আমার এই অধিনায়কত্বের সময়ে কাজে লাগাতে পারব।’

তিনি সবচেয়ে বেশি ৪১ ম্যাচ খেলেছেন সাকিবের অধীন। এছাড়া মাশরাফির অধীনে ৩৮ ম্যাচ ও তামিমের অধীনে ৩৫ ম্যাচ খেলেছেন। তাদের নিয়ে মিরাজ বলেন, ‘তারা যেভাবে সিদ্ধান্ত নিতেন, শক্তভাবে সিদ্ধান্ত নিতেন, সে জিনিসগুলো আমি অনুসরণ করেছি যে কীভাবে নিতেন। অনেক সময় কঠিন পরিস্থিতিতে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হয় নিজের। অনেক সময় পক্ষে আসবে, অনেক সময় আসবে না। কিন্তু ওই সিদ্ধান্ত কীভাবে নিচ্ছি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ।’

সম্প্রতি সাকিবের সঙ্গে দেশের ক্রিকেট নিয়ে আলাপ হয়েছে জানিয়ে মিরাজ বলেন, ‘আমরা একসঙ্গে পিএসএল (পাকিস্তান সুপার লিগ) খেলেছি। তখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। উনি মন থেকে চান বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। যারা এখন নতুন, উঠতি খেলোয়াড়, তারা যেন ভালো ক্রিকেট খেলে। বলেছেন যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে সবাই, তখন ফল পাওয়া শুরু হয়।’

যুব বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন মিরাজ। জাতীয় দলেও অভিজ্ঞতা হয়ে গেছে। নাজমুল হোসেন শান্ত চোট পাওয়ায় গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট আর চার ওয়ানডে ম্যাচে অধিনায়ক ছিলেন তিনি। এখন নতুন করে লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এই কাজে নিজের পুরোনো অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেছেন মিরাজ।

২৭ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘যারা জুনিয়র আছে, তাদের অবশ্যই পারফর্ম করতে হবে, ওই পরামর্শগুলো দেব। আমরা যখন প্রথমে ঢুকেছিলাম, বড় ভাইয়েরা আমাদের যেভাবে সাহায্য করেছে, চেষ্টা করব ওভাবে সাহায্য করার। ড্রেসিংরুমটাকে ওভাবে রাখার জন্য। যেন যে-ই ড্রেসিংরুমে থাকে না কেন, সে যেন অনুভব না করে আমি একা, আমার সঙ্গে সবাই আছে।’