কক্সবাজারে বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আজ বেলা ১২টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে ভারতকে ৯ উইকেটে হারিয়ে দেয় লাল-সবুজের বাংলাদেশ।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে
ভারত। জবাবে মাত্র ১১.১ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
৩৭ বলে ৬৮ রান করা কাজল ওপেনিং জুটিতে সুমিতকে নিয়ে ৯৯ রান তোলেন। এরপর জাবেদকে নিয়ে বাকি রান তুলে দলের জয় নিশ্চিত করেন সুমিত। জাবেদ ২০ বলে ১৯ ও সুমিত ৩০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল খেলা উপভোগ করেন। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০১৪ সালে এক কোটি টাকা দিয়ে প্রতিবন্ধীদের জন্য খেলাধুলার ফান্ড গঠন করা হয়। আজ তারাই একের পর এক শিরোপা ছিনিয়ে আনছেন। সুস্থ মানুষের তুলনায় আন্তর্জাতিক পর্যায়ে তারা বেশি বেশি পুরস্কার জিতেছে। এতে বোঝা যায় প্রতিবন্ধীরা বোঝা নয়, তারাও সব পারে। তাদের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে সরকার।
এ সময় তিনি ১০ কোটি টাকার ফান্ড গঠনের ঘোষণা দেন। এছাড়া চ্যাম্পিয়ন টিমের প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ টাকা করে দেয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, সাংসদ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও নেপাল।










