পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি বলে ভারত আসন্ন এশিয়া কাপে খেলবে না—এমন খবর দিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। যদিও এমন খবর প্রত্যাখ্যান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছিল, আগামী জুনে শ্রীলংকায় হতে চলা মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ ও সেপ্টেম্বরে ছেলেদের এশিয়া কাপে খেলবে না ভারত। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছিল, ‘ভারতীয় দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না, যার আয়োজক এসিসি এবং এর প্রধান একজন পাকিস্তানি মন্ত্রী। এর সঙ্গে পুরো দেশের আবেগ জড়িয়ে। আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপের পাশাপাশি ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি। আমরা ভারত সরকারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’
যদিও এ খবর উড়িয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এশিয়া কাপ কিংবা এসিসির কোনো ধরণের আসর নিয়েই আমাদের মধ্যে কোনো পর্যায়ে আলোচনা হয়নি। এমনকি এসব বিষয় নিয়ে আমরা এসিসিকেও কিছু লিখিনি। এ মুহূর্তে আমাদের মূল ফোকাস চলমান আইপিএল এবং পুরুষ ও নারী ক্রিকেট দলের আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে।’










