সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) চেয়েছিলেন। আজ সোমবার মিরাজকে এনওসি দেয়ার খবর জানিয়েছে বিসিবি।

রোববার রাতে পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংস। এ ম্যাচ শেষে প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হবে। বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর। ম্যাচটি তারা নিজেদের মাঠেই খেলার সুযোগ পাচ্ছে।

রোববার লাহোরেই এবারের পিএসএল ফাইনাল। এর দুদিন পরই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। হয়তো এ বিবেচনা করেই মিরাজকে এনওসি দিতে দ্বিধা করেনি বিসিবি।

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার পর কিছু বিদেশি খেলোয়াড় আর পাকিস্তানে ফেরেননি। তাদের শূন্যতা পূরণেই সাকিবের পর মিরাজকে দলভুক্ত করল লাহোর। এই দলে খেলেছেন বাংলাদেশের রিশাদ হোসেন। এছাড়া নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। তিনি অবশ্য কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি।