ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবার আগে কোয়ালিফায়ার-১ এর টিকিট নিশ্চিত করল পাঞ্জাব কিংস। সোমবার রাতে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানসকে ৭ উইকেটে হারিয়ে দেয় শ্রেয়াস আইয়ারের দল। এ জয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হলো পাঞ্জাবের, সেই সঙ্গে মুম্বাইকে তারা ঠেলে দিল এলিমিনেটর ম্যাচে। ২০১৪ সালের পর প্রথমবার প্লে-অফে খেলবে পাঞ্জাব, তাও দোর্দণ্ড দাপটে শীর্ষ দুইয়ে জায়গা করে নিল তারা।

গত বুধবার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে হার্দিক পান্ডিয়ার মুম্বাই। এরপর শীর্ষ দল গুজরাট টাইটানসের টানা দুই হার এবং পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হার মুম্বাইয়ের সামনে শীর্ষ দুইয়ে থেকে শেষ করার সুযোগ আসে। আজ তাদের সামনে ছিল সহজ সমীকরণ: জিতলেই শীর্ষ দুইয়ের টিকিট।

যদিও পারেনি মুম্বাই। প্রীতি জিনতার দলের কাছে হারল নিতা আম্বানির দল। তাদের পয়েন্ট ১৪ ম্যাচে ১৯। মঙ্গলবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টের মুখোমুখি হবে ১৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে না হারলেই দুইয়ে উঠে যাবে বেঙ্গালুরু। তখন তিনে নামবে গুজরাট টাইটানস (১৮ পয়েন্ট)।

AP25146647511385

বৃহস্পতিবার কোয়ালিফায়ার-১ ম্যাচে পাঞ্জাবের খেলা নিশ্চিত হলো। মঙ্গলবার বেঙ্গালুরু ও লক্ষ্ণৌ ম্যাচ শেষে জানা যাবে, পাঞ্জাবের প্রতিপক্ষ কোন দল এবং শুক্রবারের এলিমিনেটর ম্যাচেই বা কোন দুটি দল মুখোমুখি হবে। কোয়ালিফায়ার-১ ম্যাচে পরাজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের বিজয়ী দ্বিতীয় দল হিসেবে উঠে যাবে ফাইনালে। ৩ জুন আহমেদাবাদে ফাইনাল।

সূর্যকুমার যাদবের ফিফটি (৩৯ বলে ৫৭) ও বাকিদের প্রচেষ্টায় ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলেছিল মুম্বাই। যদিও এই রান দিয়ে ইন-ফর্ম পাঞ্জাবকে রুখে দিতে পারেনি তারা। ওপেনার প্রিয়ানশ আর্য (৩৫ বলে ৬২) ও জস ইংলিসের (৪২ বলে ৭৩) ব্যাটে ভর করে ৯ বল বাকি থাকতে জয় তুলে নেয় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস শেষ দিকে ১৬ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরা হয়েছেন ইংলিস।