এমি পুরস্কারজয়ী জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এ দেখা যাবে না তাকে। অডিশন দিতে অনীহা জানিয়ে জনপ্রিয় এই হলিউড প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

নির্মাতা মাইক হোয়াইটের বহুল আলোচিত এ ধারাবাহিকের নতুন মৌসুমে দীপিকার নাম ঘুরছিল বেশ কিছুদিন ধরেই। অনেকেই মনে করেছিলেন, এর মাধ্যমে হতে পারে দীপিকার হলিউডে প্রত্যাবর্তন। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছিল তার, যেখানে সহঅভিনেতা ছিলেন ভিন ডিজেল। ধারাবাহিকে কাজ করার মাধ্যমে অনেকদিন পর হলিউডে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত এর অগ্রগতি হচ্ছে না।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য হোয়াইট লোটাস’-এর কাস্টিং প্রক্রিয়ায় অডিশন দেয়া বাধ্যতামূলক। নির্মাতারা চূড়ান্ত সিদ্ধান্তের আগে সব অভিনেতাকেই অডিশনে দেখতে চান। কিন্তু দীপিকা অডিশনে অংশ নিতে রাজি না হওয়ায় তার অভিনয়ের বিষয়টি সেখানেই থেমে যায়। এর আগেও তৃতীয় মৌসুমে তাকে নেয়ার আগ্রহ দেখিয়েছিলেন নির্মাতাসংশ্লিষ্টরা। তবে সে সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় কাজটি বাস্তবায়ন হয়নি। বর্তমানে চতুর্থ মৌসুমের প্রস্তুতি চললেও নতুন করে আর সমঝোতা হচ্ছে না।

গত এক বছরে এভাবে আরো কয়েকটি বড় প্রজেক্ট থেকেও সরে দাঁড়িয়েছেন দীপিকা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলেও তাকে দেখা যাবে না বলে জানা গেছে। শর্ত ও শুটিয়ের সময়সূচি-সংক্রান্ত মতভেদের কারণেই এসব সিদ্ধান্ত নেয়া বলে গুঞ্জন রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘যে কাজ তার কাছে সত্য ও সৎ মনে হয় না, তা তিনি করেন না।’ অর্থ বা বাণিজ্যিক সাফল্যই একমাত্র মানদণ্ড নয়— এমন মন্তব্যও করেন তিনি।

আগামীতে তাকে দেখা যাবে শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘কিং’-এ। এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে সহঅভিনেতা বলিউড বাদশাহ শাহরুখ খান, অভিষেক বচ্চন ও সুহানা খান। এছাড়া পরিচালক অ্যাটলির নতুন প্রকল্পেও কাজ করছেন দীপিকা। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন।

প্রতিটি সিদ্ধান্তেই নিজের অবস্থানে দৃঢ় থাকার বার্তা দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। বড় প্রজেক্ট হোক বা আন্তর্জাতিক সুযোগ—নিজস্ব শর্ত ও বিশ্বাসের সঙ্গে আপস না করার এ অবস্থানই হয়তো তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের দিকনির্দেশ করছে। এখন দেখার বিষয়, আসন্ন সিনেমাগুলোতে তিনি কতটা নতুন চমক উপহার দিতে পারেন দর্শকদের।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস