‘মাস্টার’ নিয়ে নতুন সুখবর দিয়েছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। যুক্তরাজ্য ও ইউরোপের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি। উৎসব তিনটি হলো লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বেলফাস্ট চলচ্চিত্র উৎসব এবং নরওয়ের ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ খবর জানান নির্মাতা নিজেই। তার দেয়া তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ অক্টোবর লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘মাস্টার’। আজ বেলফাস্ট চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি। সবশেষে ৯-১১ নভেম্বর নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় ‘ফিল্মস ফ্রম দ্য সাউথ’ উৎসবে থাকছে সিনেমাটির প্রদর্শনী।
লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণীয় বিভাগ ‘কনস্টেলেশন’-এ নির্বাচিত হয়েছে ‘মাস্টার’। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুমিত জানান, ‘দ্য সল্ট ইন আওয়ার ওয়াটার্স’-এর পর দ্বিতীয়বারের মতো এ উৎসবে অংশ নিচ্ছেন তিনি।
সিনেমাটির বিষয়বস্তু ও নির্মাণশৈলী নিয়েও প্রশংসা করেছে উৎসব কর্তৃপক্ষ। লিডস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিবেচনায়, ‘মাস্টার’ বাংলাদেশের একটি চতুর ও টানটান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাট্যধর্মী সিনেমা। ক্ষমতার সূক্ষ্ম প্রভাব কীভাবে মানুষ ও সমাজকে দুর্নীতিগ্রস্ত করে তোলে, তা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এতে।
অন্যদিকে বেলফাস্ট চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ প্রশংসা করেছে সিনেমাটির নির্মাণশৈলীর। তাদের মতে, রঙ, বাস্তব প্রশাসনিক স্থাপনা এবং স্থানীয় বাসিন্দাদের দক্ষ ব্যবহারের মধ্য দিয়ে চলচ্চিত্রটিতে একটি প্রাণবন্ত ও জটিল জগৎ নির্মাণ করা হয়েছে।










