দীর্ঘ বিরতির পর আবারো ‘হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজিতে ক্যাটনিস এভারডিন হয়ে ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। তবে এবারের প্রত্যাবর্তন শুধু একটি চরিত্রে অভিনয় নয়, বরং পুরনো সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আবেগঘন পুনর্মিলনও।

২০ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ ক্যাটনিস চরিত্রে দেখা যাবে লরেন্সকে। নতুন সিনেমাটি অবশ্য মূল কাহিনীর ধারাবাহিকতা নয়, বরং প্রিক্যুয়াল। মূল ‘হাঙ্গার গেমস’-এর ২৪ বছর আগের গল্পে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম প্রতিযোগিতায় অংশ নেয়ার ঘটনা তুলে ধরা হয়েছে এতে। তরুণ হেইমিচের ভূমিকায় থাকছেন জোসেফ জাডা এবং প্রেসিডেন্ট স্নোর চরিত্রে দেখা যাবে র‍্যালফ ফাইনসকে।

কিছু চরিত্র কেবল পর্দার গল্পেই আটকে থাকে না, জড়িয়ে যায় অভিনেতার ব্যক্তিজীবনের সঙ্গেও। সময়ের ব্যবধানে সে চরিত্রে ফিরে যাওয়ার অভিজ্ঞতা তাই হয়ে উঠতে পারে পুরনো স্মৃতির কাছে ফিরে যাওয়ার মতো। জেনিফার লরেন্সের ক্ষেত্রেও ঘটেছে তেমনটাই।

সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সঙ্গে আলাপচারিতায় সিনেমাটিতে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী। জানান, আগের সিনেমাগুলোর পরিচিত কলাকুশলীদের সঙ্গে আবারো কাজ করার অনুভূতি ছিল অবিশ্বাস্য। তবে সবচেয়ে আবেগের মুহূর্ত তৈরি হয়েছিল সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে দেখা হওয়ার পর।

লরেন্সের ভাষায়, ‘‌এটা ছিল ভীষণ আবেগঘন। অভিজ্ঞতাটা ছিল সত্যিই অসাধারণ।’ আর উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনের গল্পে ছিল অন্য রকম মজা। অভিনেত্রী জানান, কোনো আমন্ত্রণ ছাড়াই তার হোটেল কক্ষের জানালা দিয়ে ঢুকে পড়েছিলেন উডি। মজা করে লরেন্স বলেন, ‘‌দরজা দিয়ে ভদ্রভাবে ঢুকলে তো আর আগের সে মজাটা থাকত না!’

পুরনো স্মৃতির ঝাঁপি খুলতে গিয়ে নিজের চুল কেটে প্রতিবাদ জানানোর ঘটনাও সামনে আনেন লরেন্স। ‘মকিংজে’ সিনেমার জন্য বারবার চুল বাদামি রঙ করতে করতে বিরক্ত হয়ে পরচুলা ব্যবহারের অনুরোধ করেছিলেন তিনি। প্রযোজকেরা রাজি না হওয়ায় নিজেই চুল কেটে ফেলেন। তার সে সাহসী প্রতিবাদের ফলাফলই ছিল বহুল আলোচিত পিক্সি কাট।

মূল সিরিজের ২৪ বছর আগের ঘটনা নিয়ে নির্মিত সিনেমাটিতে নতুন প্রজন্মের চরিত্রদের পাশাপাশি ফিরিয়ে আনা হচ্ছে পরিচিত মুখগুলোকেও। তবে অতীতের এ গল্পে মূল সিরিজের চরিত্রগুলো কীভাবে যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়। একদিকে নতুন কাহিনীর হাতছানি, অন্যদিকে লরেন্স ও পুরনো শিল্পীদের প্রত্যাবর্তন—সব মিলিয়ে ‘সানরাইজ অন দ্য রিপিং’ ঘিরে দর্শকের আগ্রহ যে বাড়ছে, তা বলাই যায়।

সূত্র: ডেডলাইন