বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন আয়োজন। দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম এবং সাফল্যের গল্প নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। নাম ‘কিংবদন্তির সান্নিধ্যে’। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের অভিজ্ঞতা, চিন্তা এবং মূল্যবোধ তুলে ধরাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের প্রথম পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে নিয়ে। তার দীর্ঘ সংগীতজীবন, শিল্পচর্চা, কর্মময় পথচলা ও অর্জনের নানা দিক উঠে আসবে এ পর্বে।
কিছু মানুষ নিজের মেধা, শ্রম, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠা অর্জন করেন। পাশাপাশি সমাজ ও দেশের অগ্রগতিতেও ভূমিকা থাকে। তাদের সাফল্যের নেপথ্যের গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে অনুষ্ঠানটি। তাদের জীবনবোধ, প্রতিকূলতা অতিক্রমের অভিজ্ঞতা এবং সাফল্যের পথচলা থেকে দর্শক খুঁজে পাবে অনুপ্রেরণা ও নতুনভাবে এগিয়ে চলার প্রেরণা।
আজ বিটিভিতে প্রচার শুরু হবে ‘কিংবদন্তির সান্নিধ্যে’। প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। তানভীর আহমেদ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফেরদৌসী আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানটি নিয়ে নির্মাতারা আশাবদী। তারা মনে করেন দেশের গুণী এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের জীবন ও কর্মের অন্তরালের গল্প তুলে ধরার মধ্য দিয়ে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ হয়ে উঠবে অনুপ্রেরণা, অভিজ্ঞতা ও জীবনবোধ বিনিময়ের একটি মঞ্চ।










