আবারো বড় পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও তমা মির্জাকে। তবে এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরেক শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই জনপ্রিয় অভিনেতা ও এক অভিনেত্রীকে ঘিরে নতুন সিনেমা ‘খলনায়ক’ নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’-এর মতো আলোচিত সিনেমা প্রযোজনার পর এবার নতুন গল্প নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে প্রতিষ্ঠানটি। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। ছোট পর্দা ও ওয়েব মাধ্যমে গল্প বলার নিজস্ব ধরন এবং নির্মাণশৈলীর জন্য পরিচিত এ নির্মাতার এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। ফলে ‘খলনায়ক’ তার নির্মাতা-জীবনেরও একটি নতুন অধ্যায়। সে অভিষেকের জন্য তিনি বেছে নিয়েছেন এমন এক গল্প, যেখানে রহস্য, মনস্তত্ত্ব ও চরিত্রের জটিলতা দর্শককে নতুন অভিজ্ঞতার মুখোমুখি করতে পারে।
এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘শুরু থেকেই আমরা কনটেন্টের গুণগত মান ও দর্শক চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। খলনায়কের মাধ্যমে বাংলা ভাষার সিনেমাপ্রেমীদের আমরা বিশ্বমানের একটি সাইকোলজিক্যাল থ্রিলার থিয়েট্রিক্যাল এক্সপেরিয়েন্স উপহার দিতে চাই।’
সিনেমাটির দুই কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। দুজনের অভিনয়শৈলী ও চরিত্র নির্মাণের ধরন আলাদা হলেও অভিনয়ের গভীরতায় দুজনই স্বতন্ত্র। চঞ্চল চৌধুরীর কাছেও খলনায়ক সিনেমার চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা তাকে অত্যন্ত আকৃষ্ট করেছে। এর সঙ্গে যুক্ত হওয়াটা তাই তার জন্যও হতে যাচ্ছে একটি বিশেষ অভিজ্ঞতা। নির্মাতা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিকি জাহেদের কাজে সবসময় নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। খলনায়ক সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।’ সহশিল্পী নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘নিশোর সঙ্গে কাজের অভিজ্ঞতাও সবসময় উপভোগ্য। আশা করি, বড় পর্দায় সিনেমাটি দর্শককে একদম ভিন্ন রকমের একটি অভিজ্ঞতা দেবে।’
তারকাবহুল এ সিনেমায় আরো যুক্ত হয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। এছাড়া ওপার বাংলার (ভারত) জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা সরকার বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়ে গল্পে আনছেন বাড়তি চমক। এছাড়া এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের সঙ্গে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে ইহাই ইন্টিগ্রেশন।
নায়ক আর খলনায়কের ব্যবধানটা ঠিক কোথায়? মানুষের মনের গহিনে লুকিয়ে থাকা কোনো অন্ধকারের সত্য একটি চরিত্রকে চোখের পলকে হিরো থেকে ভিলেনে পরিণত করে? এমন সব জটিল মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর খুঁজতেই বড় পর্দায় আসছে খলনায়ক। সিনেমাটির মুক্তির তারিখ ও বিস্তারিত কনটেন্ট প্রকাশ করা হবে শিগগিরই।










