গতকাল ছিল প্রীতম হাসানের জন্মদিন। সেই দিনই এল নতুন ঘোষণা। প্রীতম হাসান আবারো ফিরছেন পর্দায়। তিনি অভিনয় করছেন শিহাব শাহীন পরিচালিত অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য সিরিজটি নির্মাণ করছেন শিহাব শাহীন। এতে প্রীতমের সঙ্গে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী।
সিরিজে নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট।’ এর বেশি আর কিছু বলতে চাননি। জানালেন, গল্পটা খুবই ভালো লেগেছে তার এবং এটা নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজ ও চরিত্রগুলোর আলাদা একটি সত্তা তৈরি হবে বলে মনে করেন তিনি।
অন্যদিকে মেহজাবীন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝেশুনে। গল্পে নিজের চরিত্রে সে পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। আবার হয়তো নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন অভিনেত্রী। তাই তো চুক্তিবদ্ধ হয়েছেন সিরিজটিতে। এ নিয়ে তার বক্তব্য, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, চরিত্রটা আমার ছেড়ে দেয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনো পাব না।’
কী এমন চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন? দেরি না করে চরিত্রটি নিয়ে জানতে চাওয়া হয় সিরিজটির নির্মাতা শিহাব শাহীনের কাছে। নির্মাতা জানান, তার এমন একজন অভিনেত্রী দরকার ছিল যিনি পরীক্ষিত ও প্রমাণিত। চরিত্রটি নিয়ে বলতে চাননি নির্মাতা, শুধু জানিয়েছেন মেহজাবীনের কাছে তার প্রত্যাশার কথা। শিহাব শাহীন বলেন, ‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করবে।’
মেহজাবীন জানান, তিনি তার সেরাটা দিয়ে চেষ্টা করবেন। বাকিটা সময় বলে দেবে। নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমি নির্মাতা শিহাব শাহীনের ফ্যান। তার ডিরেকশনে অনেক কাজ করেছি। আমি তার কাজের ধরনটা জানি। তাই মনে হচ্ছে কাজটা আমি এনজয় করব।’
২৪ জানুয়ারি দুপুরে ক্যাকটাসের চুক্তি স্বাক্ষর হয়। এ সিরিজ নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিহাব শাহীন প্রথম থেকেই মরীচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপন-এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শককে চমকে দিয়ে আসছেন। ক্যাকটাস ব্যতিক্রম হবে না, বরং এটি আরো অনেক বড় পরিসরের গল্প। এখানে নির্মাণের পরিকল্পনায় আমরা আমাদের সেরাটা ভেবেছি, একটা সিরিজকে যতভাবে বুদ্ধিদীপ্ত করা যায়, এ সময়ের বাস্তবতায় যতটা বড় করে দর্শকের সামনে উপস্থাপন করা যায়, সেভাবে আমরা কাজটা করতে যাচ্ছি।’
রেদওয়ান রনির কথার সঙ্গে একমত পোষণ করেন নির্মাতা শিহাব শাহীন। বলেন, ’ম্যাসিভ লেভেলে কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে। সেগুলোকে বিবেচনা করে ক্যাকটাসকে যতটা বড় করা যায়, সেটা আমরা করেছি। চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে যখন আমরা গল্পটা নিয়ে এগিয়েছি, তখন থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কিনা। আশা করছি সে ভিশনে আমরা এগোতে পারব।’










