তার বিপরীতে ছিলেন আলিয়া ভাট। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়, বক্স অফিসেও ভালো করেছিল কিন্তু এরপর সিনেমার দ্বিতীয় পর্ব আসেনি। অয়ন মুখার্জি একটি ট্রিলজি নির্মাণের কথা বললেও তা বারবার পিছিয়েছে। এবার সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের ইঙ্গিত এল। প্রযোজক নমিত মালহোত্রা এ ইঙ্গিত দিলেন।
সম্প্রতি লাস ভেগাসে আয়োজিত হয় সিনেমাকন ২০২৬। এতে উপস্থিত ছিলেন নমিত মালহোত্রা; সঙ্গে ছিলেন যশ। তারা প্রচার করেছেন তাদের আসন্ন সিনেমা রামায়ণ। সিনেমাকনে এক আলোচনায় ‘অস্ত্রভার্স’ (ব্রহ্মাস্ত্রর সবগুলো পর্ব মিলিয়ে একে অস্ত্রভার্স বলা হচ্ছে) বিস্তারের ইঙ্গিত পাওয়া গেছে বলে জানা গেছে। খবরটি ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও কয়েকটি সূত্র অনুযায়ী, ‘রামায়ণ’-এর কাজ শেষ হওয়ার পরই ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্ব এগিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।
ধারণা করা হচ্ছে, সিক্যুয়ালটিতে দেব ও অমৃতার অতীত সম্পর্কের গভীরে প্রবেশ করা হবে—যার ইঙ্গিত প্রথম সিনেমার ক্লাইম্যাক্সে দেয়া হয়েছিল। গত বছর অয়ন মুখার্জি তার পাহাড় ভ্রমণের কিছু ছবি শেয়ার করেছিলেন। সেখানে ভক্তরা একটি স্ক্রিপ্টের আভাস দেখতে পান। এর ফলে সিক্যুয়ালের কাজ গোপনে শুরু হয়েছে বলে জল্পনা আরো জোরদার হয়। অয়ন মুখার্জি আগেই জানিয়েছিলেন যে দ্বিতীয় ও তৃতীয় পর্ব আরো বৃহৎ পরিসরে নির্মিত হবে।
বলিউডের জন্য ‘ব্রহ্মাস্ত্র’ বিশেষ হয়ে উঠেছে। এটি কেবল একটি সিনেমা নয়, বরং ভারতীয় মিথোলজি ও আধুনিক ভিএফএক্স প্রযুক্তির এক অনন্য মিশ্রণ দেখা গিয়েছিল ব্রহ্মাস্ত্রে। এ সবকিছু মিলিয়ে ব্রহ্মাস্ত্রের দ্বিতীয় পর্বের জন্য এখন পুরো বলিউডই অপেক্ষমাণ।
সূত্র: ইয়ন










