নিজের উপস্থিতি দিয়ে আবারো প্রমাণ করলেন তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং সমসাময়িক পপ সংস্কৃতির অন্যতম প্রভাবশালী স্টাইল আইকন। শিয়াপারেলির ২০২৬ সালের বসন্তকালীন কালেকশন থেকে নেয়া স্ট্র্যাপলেস কালো-নীল পালকযুক্ত বলগাউন পরে তিনি যেন এক নাটকীয় উপস্থিতি তৈরি করেন। এটি ছিল তার সাম্প্রতিক চলচ্চিত্র ‘দ্য ড্রামা’র প্রচারণার এক সুপরিকল্পিত সমাপ্তি। পোশাকটি শুধু ফ্যাশনের দিক থেকে দৃষ্টিনন্দন নয়, বরং তার পুরো প্রেস ট্যুর-জুড়ে অনুসৃত ‘সামথিং ওল্ড, সামথিং নিউ, সামথিং বরোড, সামথিং ব্লু’র ধারণার শেষ অধ্যায় হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে।
ধারণাটি তিনি তৈরি করেছিলেন তার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচের সঙ্গে আলোচনা করে। লস অ্যাঞ্জেলেসে দ্য ড্রামার প্রিমিয়ারে জেন্ডেয়া সাদা ভিভিয়েন ওয়েস্টউড গাউন পরেছিলেন। সেটি ছিল ২০১৫ সালের অস্কারে তার পরা একই পোশাক, অর্থাৎ সামথিং ওল্ড। এরপর প্যারিস প্রিমিয়ারে তিনি হাজির হন লুই ভিঁতোর কাস্টম ডিজাইনের নতুন পোশাকে, সামথিং নিউ। রোমে তিনি পরেন কেট ব্ল্যানচেটের ব্যক্তিগত সংগ্রহ থেকে ধার নেয়া আরমানি প্রাইভে গাউন, সামথিং বরোড। নিউইয়র্কে এসে তার শেষ লুকটি নীলের ছোঁয়ায় সামথিং ব্লু নিয়ে এ ধারাবাহিকতাকে সম্পূর্ণতা দেয়।
এ ফ্যাশন যাত্রা কেবল পোশাকের পরিবর্তন নয়, বরং এটি চলচ্চিত্রটির আবহ এবং গল্পের প্রতীকী প্রতিফলন। ক্রিস্টোফার বর্গলি পরিচালিত এ ডার্ক রোমান্টিক কমেডি ধীরে ধীরে আলো থেকে অন্ধকারের দিকে এগোয়, ঠিক যেমন জেন্ডেয়ার পোশাকগুলোও ক্রমে উজ্জ্বল থেকে গাঢ় রঙে রূপান্তর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি লক্ষ করেছেন এবং মন্তব্য করেছেন যে তার প্রথম দিকের লুকগুলো ছিল স্বর্গীয় ও নির্মল। শেষের দিকে তা ক্রমেই অন্ধকার ও জটিল হয়ে উঠেছে, যেন গল্পেরই এক ভিজুয়াল পূর্বাভাস।
সূত্র: ভ্যারাইটি










