নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সকে সম্ভাব্য অধিগ্রহণ করার চুক্তি হলেও শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান প্যারামাউন্ট স্কাইড্যান্স বেশি দামে প্রস্তাব দেয়ায় দরপত্রের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে নেটফ্লিক্স। তবে চুক্তি বাতিল হওয়ায় ২৮০ কোটি মার্কিন ডলার বিচ্ছেদ ফি পেয়েছে প্রতিষ্ঠানটি।
গত বুধবার বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলি আয়োজিত প্রযুক্তি, গণমাধ্যম ও টেলিযোগাযোগবিষয়ক এক সম্মেলনে কথা বলতে গিয়ে নেটফ্লিক্সের প্রধান অর্থ কর্মকর্তা স্পেন্সার নিউম্যান জানান, কোম্পানি শুরু থেকেই একটি নির্দিষ্ট মূল্যসীমা ধরে এগিয়েছিল। তার ভাষায়, সুযোগটি সঠিক দামে আকর্ষণীয় ছিল, কিন্তু যেকোনো দামে ওয়ার্নার ব্রাদার্স কেনা তাদের জন্য অপরিহার্য ছিল না। একই ধরনের অবস্থানের কথা আগেই জানিয়েছিলেন নেটফ্লিক্সের সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস।
গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র স্টুডিও ও অনলাইন সম্প্রচার ব্যবসা কিনতে চুক্তি করেছিল। কিন্তু পরে স্কাইড্যান্স মিডিয়ার প্রধান নির্বাহী ডেভিড এলিসনের নেতৃত্বে প্যারামাউন্ট স্কাইড্যান্স পুরো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণের জন্য প্রতি শেয়ারে ৩১ মার্কিন ডলার প্রস্তাব দেয়। শেষ পর্যন্ত সে প্রস্তাবকেই অধিকতর লাভজনক হিসেবে গ্রহণ করা হয় এবং নেটফ্লিক্সের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়।
এ চুক্তি বাতিলকে ইতিবাচক হিসেবেই দেখছে নেটফ্লিক্স। স্পেন্সার নিউম্যান বলেন, ‘কয়েক সপ্তাহ আগেও যে অর্থ কোম্পানির হাতে ছিল না, এখন তাদের কাছে অতিরিক্ত ২৮০ কোটি ডলার রয়েছে।
এদিকে ভবিষ্যৎ পরিকল্পনায় বড় কোনো পরিবর্তন আনছে না প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে কনটেন্ট বা বিনোদনমূলক অনুষ্ঠান ও চলচ্চিত্র তৈরিতে প্রায় ২০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে তারা, যা আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। একই সঙ্গে ৫০ দশমিক ৭ থেকে ৫১ দশমিক ৭ বিলিয়ন ডলার রাজস্ব অর্জনের পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি।
২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সের বিশ্বব্যাপী গ্রাহক সংখ্যা ৩২৫ মিলিয়নের বেশি হয়েছে। বিশ্বজুড়ে নির্মাতাদের জন্য পেশাদার মানের বিনোদনমূলক কনটেন্ট তৈরির প্রধান প্লাটফর্ম হয়ে ওঠাই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
সূত্র: ভ্যারাইটি










