গত রোজার ঈদে শাকিব খানের ‘অন্তরাত্মা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রথম সপ্তাহ শেষ না হতেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেয়া হয় সিনেমাটি। একই সময় তার ‘বরবাদ’ সিনেমাটি ছিল তুমুল আলোচনায়। দর্শকসাড়াও পেয়েছে। অন্যদিকে অন্তরাত্মা হলে দর্শক টানতে ব্যর্থ হয়।

সিনেমার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। পেশাদারত্বের প্রমাণ দিয়ে এখনো সিনেমাটির প্রচার করে যাচ্ছেন এ টালিউড অভিনেত্রী।

ঈদের প্রায় দুই মাস পর গত শনিবার থেকে ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে অন্তরাত্মা। ফেসবুকে হললিস্ট শেয়ার করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শনা। সশরীরে বাংলাদেশে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় অন্তরাত্মা নিয়ে নিয়মিত পোস্ট করেছেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বলতে গেলে অন্তরাত্মার প্রচারের কাজ একাই সামলানোর চেষ্টা করে গেছেন তিনি।

মুক্তির পর সিনেমাটি যখন নামিয়ে দেয়া হয়েছিল সে সময় দর্শনা জানিয়েছিলেন, সময় নিয়ে প্রচার করলে এ সিনেমা ভালো করত। মুক্তির আগেই অন্তরাত্মা নিয়ে নেতিবাচক মন্তব্য এটিকে পিছিয়ে দিয়েছে বলেও অভিমত তার।

দর্শনা বলেন, ‘আরেকটু আলোচনা করে বেটার রিলিজ টাইম ঠিক করা যেত। তাহলে প্রচারের আলোটা বেশি হতে পারত। এছাড়া অকারণেই অন্তরাত্মা নিয়ে নেগেটিভ আলোচনা হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন, তারা কিন্তু কেউই খারাপ বলেননি। এখনো এ সিনেমা হলে চলছে। শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে কী ফল আসবে তা জানি না, তবে দর্শক সিনেমাটি দেখুক, কারণ দর্শক সিনেমা দেখলেই আমরা আনন্দ পাই।’