দীপিকা পাড়ুকোনকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হলো। এর সঙ্গে আবার যুক্ত সন্দীপ রেড্ডি ভাঙ্গার নাম। মূলত সন্দীপের সিনেমা ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন দীপিকা আর তা নিয়েই উঠেছে নানা কথা। কেন এ সিনেমা থেকে দীপিকা বাদ পড়লেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা। প্রভাসের বিপরীতে এখন এ সিনেমায় আর দেখা যাবে না তাকে। সম্প্রতি ভাঙ্গা জানালেন দীপিকাকে বাদ দেয়ার কারণ। তিনি জানান, তিনি স্পিরিটের চিত্রনাট্যের গোপনীয়তা রক্ষা করেননি। সে কারণেই তাকে বাদ দেয়া হয়েছে।
দীপিকাকে নিয়ে নয়, বরং আলোচনা প্রথমে শুরু হয়েছিল স্পিরিটের চিত্রনাট্য নিয়ে। হঠাৎই পিংকভিলায় স্পিরিটের চিত্রনাট্য ও গল্প বিষয়ে একটি প্রতিবেদন আসে। সিনেমার ভেতরকার এ খবর বাইরে আসায় অবাক হয়েছিলেন অনেকেই। সেখানে বলা হয়েছিল, এবার নায়কনির্ভর সিনেমা নির্মাণ করলেও সিনেমায় দেখা যাবে একটা বিশেষ টুইস্ট। তুমুল অ্যাকশনের সঙ্গে এবার সন্দীপ তার সিনেমায় রাখছেন বেশকিছু এক্সক্লুসিভ দৃশ্যও। সিনেমার এসব বিষয় সামনে আসায় কিছুটা বিরক্ত হয়েছিলেন সন্দীপ। এরপর তিনি কঠিন সিদ্ধান্তটি নেন।
এ নিয়ে একটি টুইট করেছেন সন্দীপ। সেখানে তিনি লেখেন, ‘আমি যখন কারো সঙ্গে কাজ করতে যাই, সেখানে একটা চুক্তি থাকে। বলা থাকে, চিত্রনাট্য বা সিনেমার বিষয়ে কোনোকিছু প্রকাশ করা যাবে না। কিন্তু আপনি সেটা করেছেন।’
আরো কিছু বিষয় এমনকি নারীবাদের প্রসঙ্গও টেনেছেন সন্দীপ। নিজের জায়গা স্পষ্ট করতে তিনি লেখেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি বছরের পর বছর ধরে পরিশ্রম করে তৈরি করা চিত্রনাট্য নিয়ে কাজ করি। আপনি সেটা হয়তো বোঝেননি। বুঝবেনও না।’
পোস্টটি দীপিকাকে উদ্দেশ করেই দিয়েছেন, তা বোঝা যায়। এদিকে দীপিকা বাদ পড়ার পর গণমাধ্যমগুলোর প্রতিবেদনে যে বিষয় উঠে এসেছিল তা হলো সন্দীপ যে এক্সক্লসিভ দৃশ্যগুলো রেখেছেন, তা একজন তরুণ অভিনেত্রী পারফর্ম করলে সিনেমায় ফুটে উঠবে। কিন্তু সন্দীপ তা মনে করেন না। এ যুক্তি নিয়ে তিনি তেমন কোনো উত্তর করেননি।
এদিকে স্পিরিটের কাস্ট নিয়ে এখনো তেমন কোনো তথ্য নেই। কেবল এটাই প্রকাশ করা হয়েছিল যে সিনেমার নায়ক প্রভাস। দীপিকাকে বাদ দেয়ার পর দৃপ্তি দিমড়ি যুক্ত হয়েছেন।
সূত্র: ইয়ন










