বিখ্যাত নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। দীর্ঘ সময় ধরে তিনি শ্রোতাদের মুগ্ধ করে আসছেন নজরুলসংগীত দিয়ে। তার ক্যারিয়ার বর্ণময়। এবার নিজের জীবন ও কাজের কথা বলবেন একটি অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার।
ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হচ্ছে ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনার নিবেদনে আয়োজিত হয় এটি। এ অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিরা। অনুষ্ঠানে তারা শোনান তাদের আলোকিত ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় এবার আসছে ষষ্ঠ পর্ব। এ পর্বের অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি গল্প করবেন উপস্থাপকের সঙ্গে। সে গল্পে এবারের পর্বে উঠে এসেছে শিল্পীর জীবনের নানা অজানা কথা।
অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আলোঘর প্রকাশনা নিবেদিত এ অনুষ্ঠানের প্রচারিত পর্বগুলো এরই মধ্যে প্রশংসিত হয়েছে, যা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি দর্শকের আরো কাছাকাছি নিয়ে যেতে। আশা করি আমাদের চেষ্টা সফল হবে।’
এবারের পর্বে ফাতেমা তুজ জোহরার শিল্পীজীবন ও তার ব্যক্তিজীবনের নানা কথা গল্পচ্ছলে উঠে এসেছে বলে জানান ইকবাল খন্দকার। এইচএম তানভীর হাসানের প্রযোজনায় পর্বটি প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।










