জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। বাঙালির সব আবেগ, অনুভূতিতে জড়িয়ে আছেন চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতা, গান, উপন্যাস ও গল্পে বাঙালি জেনেছে বীরত্বের ভাষা, দ্রোহের মন্ত্র ও অন্যায়ের প্রতিবাদের শক্তি।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাঙালির মন ও মননে জায়গা দখল করে আছেন তিনি। নজরুলের গান, কবিতা ও উপন্যাস বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়েছে অনেক দূর। আজ চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। ‘নজরুলজয়ন্তী’ উৎসব হিসেবে উদযাপন হবে দেশজুড়ে।

রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো এ উৎসব পালন করছে। দেশজুড়ে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনটি পালন করছে বর্ণাঢ্য নানা আয়োজনে। এরই অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট নাট্যদল জেনেসিস থিয়েটার আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ও মননশীল এক অনুষ্ঠানমালা।

দলটির কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন নাট্যকার ও নির্দেশক নূর হোসেন রানা। তিনি বলেন, ‘নজরুল কেবল একজন কবি নন, তিনি এক মহাজাগরণ—তাকে তরুণ প্রজন্মের মাঝে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’

আজ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন হবে নজরুলজয়ন্তী। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে মানিকগঞ্জে নজরুল পত্নী প্রমীলা দেবীর জন্মস্থান তেওতায় জেলা প্রশাসকের আমন্ত্রণে ‘দামাল ছেলে নজরুল’ নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে জেনেসিস থিয়েটার।

এদিকে আজ বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে নিবেদিত প্রতিষ্ঠান বাংলা একাডেমিতে দিনব্যাপী জমজমাট অনুষ্ঠানমালায় জেনেসিস থিয়েটারের শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হবে গীতি-নাট্য ‘দেখব এবার জগৎটাকে’। নাটকটি নজরুলের মুক্তচিন্তা ও বিশ্বমানবতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিশেষভাবে নির্মিত। এছাড়া আগামী ১ জুন সন্ধ্যায় রাজধানীর নজরুল ইনস্টিটিউটে (কবি ভবন) আবারো মঞ্চস্থ হবে দামাল ছেলে নজরুল নাটকটি।

পাশাপাশি আজ বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচার হবে জেনেসিস থিয়েটারের শিশু-কিশোরদের পরিবেশনায় নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘দেখব এবার জগৎটাকে’। জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়ও থাকছে নানা আয়োজন। সকাল ৯টায় প্রচার হবে শিশুতোষ অনুষ্ঠান ‘দুরন্ত নজরুল’। শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে চর্যা ও আরশের উপস্থাপনায় নাচ, গান, কবিতা ও নাটক ‘কানামাছি’র সমন্বয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বিকাল ৪টা ৫ মিনিটে রয়েছে কবির স্মৃতি বিজড়িত স্থানগুলোর ওপর প্রামাণ্য অনুষ্ঠান। বিকাল ৫টা ৩৫ মিনিটে থাকছে নজরুলের গান ও কবিতা থেকে গীতিনৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় প্রচার হবে আলোচনানুষ্ঠান। নজরুলের কবিতা থেকে আবৃত্তির অনুষ্ঠান রয়েছে সন্ধ্যা ৭টায়। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানের মালা’। ফেরদৌস আরার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা, ইয়াকুব আলী খান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস আরা, ইয়াসমিন মুশতারী, ছন্দা চক্রবর্তী, শারমিন সাথী ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটিতে সংগীত পরিচালনা করেছেন এ কে আজাদ মিন্টু। আলেখ্যানুষ্ঠান ‘সব্যসাচী নজরুল’ প্রচার হবে রাত ১০টায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিয়াংকা গোপ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ এবং ২৬ ও ২৭ মে কুমিল্লায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বেলা ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কবি পৌত্রী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী।

স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তৃতা করবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’-এর জন্য মনোনীত গুণিজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।