অল্প সময়ে অভিনয়ে দর্শকের কাছে পৌঁছে গেছেন নাজনীন নীহা। এবার আসছে তার নতুন টেলিভিশন নাটক জনম জনমে। নির্মম রাজনৈতিক বাস্তবতার ভেতরে গড়ে ওঠা প্রেমময় এক গল্পে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করছেন তিনি। পলিটিক্যাল থ্রিলার ঘরানার নাটকটি এরই মধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে দুই উপজেলা চেয়ারম্যানের দলীয় রাজনীতিকে ঘিরে। একজন বর্তমান চেয়ারম্যান, অন্যজন সাবেক। আসন্ন নির্বাচনে নমিনেশন পাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা। সে দ্বন্দ্বের প্রভাব পড়ে তাদের পরিবারেও। রাজনীতির এ লড়াইয়ে জড়িয়ে পড়ে দুজনের সন্তান—একজনের ছেলে ও অন্যজনের মেয়ে। এ দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। রায়হান মাহামুদের রচনায় সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন মো. তৌফিকুল ইসলাম। নির্মাতা জানান, গল্পটি রাজনৈতিক রোমান্টিক থ্রিলার হওয়ায় আগাম বিস্তারিত বলতে চান না। তার মতে, নাটকটি দেখলে দর্শক রাজনীতির বাস্তব রূপ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হবেন। পাশাপাশি তিনি শিল্পীদের অভিনয় ও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির সহযোগিতার কথা উল্লেখ করেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শতাব্দী ওয়াদুদ, মিলি বাশার, পলিনসহ একঝাঁক পরিচিত মুখ। গল্পের শুরুতে দেখা যায়, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও সাবেক চেয়ারম্যান মোতালেব মিয়া পাশাপাশি বাসায় বসবাস করেন। দুজনের সম্পর্ক অম্ল-মধুর। আগামী নির্বাচনে দুজনেই নমিনেশন প্রত্যাশী। আলতাফ হোসেনের মেয়ে নিদ্রা পড়াশোনা শেষে বাবার সঙ্গে রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্যদিকে মোতালেব মিয়ার ছেলে পুলকও বাবার পক্ষে সক্রিয় রাজনীতিতে। নিদ্রা ও পুলকের সম্পর্ক শুরু থেকেই বৈরিতাপূর্ণ। দুজনই নিজ নিজ গ্যাং নিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে। এ বিরোধে এলাকার মানুষ বিরক্ত হয়ে সমাধানের আশায় যান ফজলুর রহমানের কাছে। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হলেও এলাকার অভিভাবক হিসেবে সবার কাছে শ্রদ্ধেয়। এমনকি দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানও তাকে সমীহ করে চলেন। এখান থেকেই জনম জনমে নাটকের গল্প ভিন্ন মাত্রা পায়। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। তার মতে, গল্পটি সরাসরি জাতীয় নির্বাচনভিত্তিক নয়, বরং এটি একটি গ্রামীণ প্রেমের গল্প। তবে নির্বাচনী আবহ থাকায় সময়টিকে মুক্তির জন্য উপযুক্ত মনে করা হয়েছে।