বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে ‘একুশে পদক’ তুলে দেন। মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন।
এ প্রাপ্তিতে আইয়ুব বাচ্চুর প্রতিষ্ঠা করা রক ব্যান্ড এলআরবি প্রতিক্রিয়া জানিয়েছে।
এলআরবির অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া প্রতিক্রিয়ার শিরোনাম, ‘জাতির শ্রদ্ধা, আমাদের কৃতজ্ঞতা—আইয়ুব বাচ্চুর সম্মাননা ও ভবিষ্যতের প্রত্যাশা।’
বিস্তারিত বক্তব্যে বলা হয়, ‘আইয়ুব বাচ্চুর প্রতি এ রাষ্ট্রীয় সম্মান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি তার আজীবন সংগীতসাধনার প্রতি জাতির গভীর শ্রদ্ধা। বাংলা রকের পথচলায় তিনি যে সাহস, সততা ও নতুনত্বের পরিচয় দিয়েছেন তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং বিশ্বমঞ্চে আলাদা পরিচয় এনে দিয়েছে।’
প্রতিক্রিয়ায় সরকারকে কৃতজ্ঞতা জানায় এলআররি। বক্তব্যে আরো বলা হয়, ‘রাষ্ট্র যখন একজন শিল্পীর অবদানকে স্বীকৃতি দেয়, তখন তা শুধু ব্যক্তিকে নয়, পুরো সংগীতাঙ্গনকেই সম্মানিত করে। এটি নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এক বড় অনুপ্রেরণা।
আমরা বিশ্বাস করি, আইয়ুব বাচ্চুর অবদান আরো বৃহত্তর স্বীকৃতির দাবিদার। তার সৃষ্টিশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক প্রভাব বিবেচনায় স্বাধীনতা পদকের মতো সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একদিন তার নামের পাশেও যুক্ত হবে—এ প্রত্যাশা আমাদের হৃদয়ে রয়ে গেছে।’
বক্তব্যের শেষে বলা হয়, ‘তিনি (আইয়ুব বাচ্চু) আজ নেই, কিন্তু তার সুর আছে। তার সাহস আছে। তার স্বপ্ন আছে। আর সেই স্বপ্নই আমাদের সামনে এগিয়ে যেতে শক্তি দেয়।’
এলআরবির এ অফিশিয়াল প্রতিক্রিয়ায় যুক্ত হয়ে ভক্ত এবং শ্রোতারাও আইয়ুব বাচ্চুর অবদানকে স্মরণ করেছেন। ভক্তদের একজন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আইয়ুব বাচ্চুকে মিস করছি। তিনি বাংলাদেশের রক সংগীতের রাজা।’ আরেকজন লিখেছেন, ‘এতটা জনপ্রিয়তা আর কোনো ব্যান্ড সংগীতশিল্পী আজ পর্যন্ত দেখিনি। মৃত্যুর এত বছর পরেও এই পদকপ্রাপ্তি—সেটাই প্রমাণ করে। আইয়ুব বাচ্চুর জন্য শুদ্ধা ও ভালোবাসা।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘ভালো লাগছে। পাশাপাশি খারাপও লাগছে যে তিনি নিজের পুরস্কার নিজে দেখে যেতে পারলেন না!’
উল্লেখ্য, আইয়ুব বাচ্চু মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি রেখে গেছেন অসংখ্য কালজয়ী গান—‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘এখন অনেক রাত’, ‘রূপালী গিটার’সহ আরো অনেক শ্রোতাপ্রিয় সৃষ্টি।










