মূলধারার সিনেমা থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব—সব জায়গাতে রয়েছে তার উপস্থিতি। চরিত্রের ভেতরের ভাঙন, জটিলতা ও আবেগকে পর্দায় জীবন্ত করে তোলায় তিনি বরাবরই প্রশংসিত। এবার নতুন এক সিনেমায় আবারো চমক নিয়ে আসছেন এ অভিনেত্রী।

ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বাংলা ভাষার থ্রিলার চলচ্চিত্র ছেলেধরা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। আগামী ১ মার্চ থেকে অরুণাচল প্রদেশের ইটানগর ও জিরো ভ্যালিতে শুরু হবে এর শুটিং।

সিনেমার চিত্রনাট্য লেখা ও পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। কেন্দ্রীয় চরিত্র বৃষ্টি—একজন বিবাহবিচ্ছেদ হওয়া নারী। সমাজের চোখে তিনি সমস্যাগ্রস্ত, ভুল বোঝা মানুষ। এক আবেগপ্রবণ মুহূর্তে মেয়ের জন্মদিন উদযাপনের জন্য তিনি নিজেই মেয়েকে চুরি করেন। কিন্তু ঘটনা চক্রে মেয়েটি সত্যিই অপহৃত হয়ে যায়।

এরপর এক অপ্রত্যাশিত আবিষ্কার বৃষ্টির জীবনকে ঠেলে দেয় ভয়ংকর অনিশ্চয়তার দিকে। শুরু হয় এক দুঃসাহসিক যাত্রা, যা তাকে নিজের মুখোমুখি দাঁড় করায়।

পরিচালক শিলাদিত্য মৌলিকের ভাষ্য অনুযায়ী, এটি ভেঙে পড়া মা-বাবার গল্প, যারা নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সাহস ও নিঃস্বার্থ ভালোবাসা নতুন করে আবিষ্কার করে। তার মতে, সিনেমাটি রোড-জার্নির ঢঙে এগোবে নানা অপ্রত্যাশিত মোড় নিয়ে। তবে ভেতরে এটি পুনরুদ্ধার ও দ্বিতীয় সুযোগের গল্প। তিনি আরো জানান, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথা মাথায় রেখেই নির্মাণ করা হচ্ছে সিনেমাটি।

চরিত্রটি প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘বৃষ্টি এমন নারী নন যাকে সহজে ভালো লাগে। তিনি আবেগপ্রবণ, আহত এবং গভীরভাবে অসম্পূর্ণ। তবে মেয়ের প্রতি তার ভালোবাসা প্রবল ও স্বতঃস্ফূর্ত।’ অভিনেত্রীর ভাষায়, এই যাত্রা বৃষ্টিকে নিজের মুখোমুখি দাঁড় করায়। মূলত এটি মাতৃত্ব, ক্ষমা ও দুর্বল মুহূর্তে শক্তি খুঁজে পাওয়ার গল্প।

ছেলেধরা একটি ভারত-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা। ছবিটি প্রযোজনা করছে ভারতের হ্যান্ডিম্যান ও সিতা২২ ফিল্মস। হ্যান্ডিম্যানের প্রতীক মজুমদারের মতে, চিত্রনাট্যে আবেগের গভীরতা ও বাণিজ্যিক গতি—দুটোই রয়েছে। স্বস্তিকা শুরুতেই যুক্ত হওয়ায় তারা বুঝেছিলেন, এটি বিশেষ কিছু হতে যাচ্ছে।