দীর্ঘ বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরছেন আমির। সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড সুপার স্টার আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। এর মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনা পিছু ছাড়ছে না তার। কখনো নকলের অভিযোগ, আবার কখনো সিনেমা বয়কটের ডাক দিচ্ছে নেটিজেনরা।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত অভিনেতা আমির খানের সময়টা বেশ কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না। ২০২২ সালে মুক্তি পাওয়া আমিরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বক্স অফিস ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। নীরবতা ভেঙে তিন বছর পর আবার ফিরছেন সিতারে জমিন পার নিয়ে। ছবিতে প্রযোজক ও অভিনেতা দুই ভূমিকায়ই পাওয়া যাবে আমিরকে।

11

২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের সিনেমা ‘তারে জামিন পার’। বক্স অফিসে সিনেমাটি ঝড় তুলেছিল। তখন থেকেই আমির খান পরিকল্পনা করেছিলেন এ সিনেমার সিকুয়াল তৈরি করবেন। সে ভাবনা থেকেই মুক্তি পেতে যাচ্ছে সিতারে জামিন পার। কিন্তু বহুল প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলার মুক্তির পরই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিনেতা।

ট্রেলার মুক্তির পর পরই অভিযোগ ওঠে সিনেমাটি বিখ্যাত স্প্যানিশ চলচ্চিত্র ‘ক্যাম্পিয়নস’-এর নকল! যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সিতারে জামিন পার পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ সিনেমা ‘ক্যাম্পিওনস’-এর প্রেরণায় নির্মিত। তবে নেটিজেনরা বলছে প্রেরণা নয়, বরং এটি ওই স্প্যানিশ সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি সিনেমা।

মূল স্প্যানিশ ছবিতে উঠে এসেছে এক কোচের গল্প। যিনি বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের একটি দল গড়ে তোলেন, তাদের দক্ষতা প্রকাশ্যে আসে। এতে শুধু সে শিশুরা নয়, পাশাপাশি কোচের জীবনেও বদল আসে। সিতারে জামিন পারের ট্রেলারেও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে।

আমিরকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু নিয়ে প্রত্যাবর্তন করা। মৌলিক কোনো গল্প নিয়ে ফিরলে ভালো হতো। যেমনটা করেছিল শাহরুখ খান ‘পাঠান’ সিনেমায়।

এমনকি ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি সমালোচকরা। বলছেন, আমির খানের আগের সিনেমাটিও ছিল রিমেক। লাল সিং চাড্ডা তৈরি হয়েছিল ‘ফরেস্ট গাম্প’-এর প্রেরণায়। কিন্তু সে সিনেমার ব্যর্থতার পরও কেন আবার রিমেক! আবার পান থেকে চুন খসলেই সিনেমা বয়কটের ডাক দেয়ার যেন ট্রেন্ড চলছে বলিউডে! এরই মধ্যে হ্যাশট্যাগ ‘বয়কট আমির’, ‘বয়কট সিতারে জামিন পার’-এ ভেসে গেছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নীরব ছিলেন আমির খান। এ কারণেও মিস্টার পারফে কশনিস্টের ওপর রাগে ফুঁসছেন তার সমালোচকরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস