বরাবরের মতো আগামী ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নতুন এ পর্ব ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় ১০ হাজার দর্শকের উপস্থিতিতে নির্মিত হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’। আরো জমজমাট ব্যতিক্রমী মজার সব খেলাধূলায় স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন কৃষকরা।

কাপাসিয়াকে বেছে নেয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার ও মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটা তরুণরা ফিরেছিল গ্রামে। তাদের হাতেই ধীরে ধীরে কুটির শিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত তৈরি হয়েছে। সম্ভাবনার নতুন কেতন উড়াতেই এবারের কৃষকের ঈদ আনন্দ। কৃষকের ঈদ আনন্দে খেলাধূলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র।’

‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ে।