ডিজিটাল বিনোদনের দুনিয়ায় পথচলা শুরু করল ওটিটি প্লাটফর্ম দোয়েল। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোকসংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটির যাত্র বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পথচলার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে দোয়েল। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েলের উদ্বোধনী আয়োজন।

কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা জীবনের শেষ গান পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর সূচনা বক্তৃতা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

ধারাবাহিক পরিবেশনায় দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্লাটফর্ম দোয়েলের অনুষ্ঠানের ধরন, প্রতিষ্ঠার গল্প ও আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। পরের পরিবেশনায় মঞ্চ মাতায় শিশু শিল্পীরা।

দোয়েলের আনুষ্ঠানিক পথচলার উদ্বোধনী আয়োজনে নতুন এ ওটিটিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইর ডিরেক্টর অব মিডিয়া আবদুর রহমান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানাসহ আরো অনেকে।