ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক দর্শকের জন্য উপহার দিয়েছেন। এখনো ছোট পর্দায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। বেশ কয়েক বছর আগে পরিচালক বি ইউ শুভর নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন মাহি। সে সময় নাটকটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ বিরতির পর এবার মাহি আবারো বি ইউ শুভর নির্দেশনায় একটি নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’।

এটি রচনা করেছেন নাট্যকার ও গীতিকার অ্যালেক্স উজ্জ্বল। মাহির বিপরীতে থাকছেন মুশফিক ফারহান। পরিচালক বি ইউ শুভ বলেন, ‘ভালোবাসা, আবেগ আর জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মাণ করেছি শুধু তোমারই অপেক্ষায় নাটকটি। মাহি ও ফারহান উভয়ের অভিনয় চমৎকার হয়েছে। আমি খুব আশাবাদী দর্শক নাটকটি পছন্দ করবে। এটি এমন একটি গল্প, যা মানুষের হৃদয়ে দীর্ঘ সময় ধরে থাকবে।’

সামিরা খান মাহি বলেন, ‘শুভ ভাইয়ের নির্দেশনায় এর আগে নাটকে অভিনয় করেছি। তবে দীর্ঘদিন ধরে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়ে উঠছিল না। বেশ কয়েক বছর পর আবার তার নির্দেশনায় কাজ করতে পারায় ভালো লাগল। শুভ ভাই ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। তার পুরো ইউনিটও অত্যন্ত আন্তরিক। কাজ করতে ভীষণ ভালো লাগছে। শুধু তোমারই অপেক্ষায় নাটকের গল্পও আসলে দর্শকের মনে গেঁথে থাকার মতো। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’