লোকেশ কনগরাজ ফিরছেন দুই বছর পর। তার পরিচালিত ‘লিও’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। এবার আসছে ‘কুলি’। বহু তারকা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিনেমায় আছেন রজনীকান্ত, নাগার্জুন, সৌবিন সাহির, উপেন্দ্র, সত্যরাজ, আমির খান ও শ্রুতি হাসান। তবে সবার মধ্যে রজনীকান্তই স্পটলাইট দখল করছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্র তিনিই। এদিকে এ সপ্তাহে সিনেমা ইন্ডাস্ট্রিতে ৫০ বছর পূর্ণ হচ্ছে রজনীকান্তের। সেই সঙ্গে কুলির আগমন সিনেমাটিকে আরো বিশেষ করে তুলেছে। তাই মুক্তির আগেই সিনেমাটি ভারতের বক্স অফিসে তুলে নিয়েছে ২০ কোটি রুপি।

অগ্রিম বুকিংয়ে এ আয় হয়েছে কুলির। সিনেমাটি মূলত তামিল এবং অগ্রিম আয়ের বেশির ভাগই এসেছে তামিলভাষী অঞ্চল ও তামিল সংস্করণ থেকে। তামিলে সিনেমাটি আগ্রিম আয় করেছে ১৩ কোটি ১৭ লাখ রুপি। অন্যদিকে হিন্দি, তেলেগু ও কন্নড় সংস্করণ থেকে এসেছে ২২ লাখ, ৭ লাখ ও ৮৫ হাজার রুপি। এছাড়া ব্লক বুকিংও আছে। সেসব মিলিয়ে সিনেমাটি আয় করেছে ২০ কোটি রুপি।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কুলির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সাচনিল্কের দেয়া তথ্যানুসারে, কুলি ভারতের বাইরে থেকে অগ্রিম আয় করেছে ৩০ কোটি রুপি। সে হিসাবে ভারত ও ভারতের বাইরের বাজার মিলে কুলি মোট আয় করেছে ৫০ কোটি রুপি। এবার প্রশ্ন, সিনেমাটি তাহলে মুক্তির প্রথম দিনে আয় করবে কত? সাচনিল্ক ও অন্যান্য প্রতিষ্ঠান যে খবর দিচ্ছে তা ১০ আগস্টের হিসাব। সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট। স্বভাবতই সিনেমা মুক্তির দিন যত ঘনাবে, টিকিট বিক্রিও বাড়বে। সে জায়গা থেকে সাচনিল্কের পূর্বাভাস হলো সিনেমাটি এর মুক্তির প্রথম দিন বিশ্ব থেকে তুলে নেবে ১০০ কোটি রুপি। যদি বাস্তবিকই তাই হয়, সিনেমাটি কেবল তামিলেরই নয় বরং ভারতের অন্যতম বড় ওপেনিং আয় করা সিনেমায় পরিণত হবে। কুলির আয় করার পেছনে বেশকিছু বিষয় কাজ করছে। প্রথমত লোকেশ কনগরাজ এর পরিচালক। কাইথি থেকেই তিনি জনপ্রিয় পরিচালক। এছাড়া নাগার্জুন, উপেন্দ্র, রজনীকান্তকে একত্রে দেখার লোভটাও আছে। আমির খান অনেকটা ‘চেরি অন দ্য টপ’-এর কাজ করছেন। তামিল সিনেমায় তাকে দেখতে পাওয়া বিশেষ একটি ঘটনা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস