শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা কিং। সিনেমাটির বাণিজ্যিক সংগীত স্বত্ব ৫০ বছরের জন্য একচেটিয়াভাবে কিনে নিয়েছে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের মাধ্যমে জি মিউজিক কোম্পানি এ চুক্তির ব্যবস্থা করেছে। এর আগে সিনেমাটির সংগীত স্বত্ব স্বল্পমেয়াদি চুক্তিতে দেয়া হতে পারে বলে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা চলছিল।

নতুন চুক্তি অনুযায়ী, আগামী পাঁচ দশক বিশ্বব্যাপী কিংয়ের সব গানের অডিও, মিউজিক ভিডিও ও সংশ্লিষ্ট প্রকাশনা স্বত্বের একচ্ছত্র বাণিজ্যিক অধিকার থাকবে টি-সিরিজের হাতে। অর্থাৎ এটি সাময়িক কোনো লাইসেন্স চুক্তি নয়, বরং দীর্ঘমেয়াদি স্বত্ব অধিগ্রহণ।

টি-সিরিজের এক মুখপাত্র বলেন, ‘এখানে সাময়িক লাইসেন্স কিংবা স্বল্পমেয়াদি স্বত্ব হস্তান্তরের কোনো বিষয় নেই। কিংয়ের অডিও ও মিউজিক ভিডিওর স্বত্ব ৫০ বছরের জন্য একচেটিয়াভাবে নিশ্চিত করেছে টি-সিরিজ। সিনেমার প্রতিটি গান, ভিডিও ও প্রকাশনা স্বত্ব দীর্ঘ সময়ের জন্য প্রতিষ্ঠানটির অধীনে থাকবে।’

কিংয়ের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে এর সংগীত। সিনেমাটির গান তৈরি করছেন শচীন-জিগর জুটি। আবহসংগীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। এরই মধ্যে মুক্তি পেয়েছে একটি গান। ‘তু মিল যায়ে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, মধুবন্তী বাগচী ও এড শিরান। শিরানের সংযুক্তি গানটিকে আরো বেশি জনপ্রিয় করে তোলার পাশাপাশি কিংয়ের অ্যালবামের প্রতি শ্রোতাদের আকর্ষণ বাড়াতে সাহায্য করেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান ও অভিষেক বচ্চন। প্রথমবারের মতো বাবা-মেয়ের চরিত্রে একই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ ও সুহানা। বড়দিন উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টি-সিরিজের এ দীর্ঘমেয়াদি স্বত্ব অধিগ্রহণের ফলে প্রেক্ষাগৃহে মুক্তির পরও কয়েক দশক ধরে বিভিন্ন প্লাটফর্ম ও মাধ্যমে সিনেমাটির গান এবং মিউজিক ভিডিও থেকে বাণিজ্যিক আয় করার সুযোগ পাবে প্রতিষ্ঠানটি। ফলে কিংয়ের সংগীত স্বত্বের এ চুক্তি ভারতীয় চলচ্চিত্রের সংগীতবাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: বলিউড হাঙ্গামা