ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন হলিউড তারকা জনি ডেপ। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় তাকে দেখা যাবে কিনা, তা নিয়ে দর্শকের আগ্রহ দীর্ঘদিনের। এবার এ চরিত্রে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নিজেই। তবে ফিরতে হলে একটি শর্তের কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ডেপ। তিনি জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরলে তার লক্ষ্য হবে সিরিজটির গল্পের একটি সুন্দর পরিণতি নিশ্চিত করা। আগের কিস্তিগুলোর চেয়ে আরো ভালোভাবে ফ্র্যাঞ্চাইজিটির সমাপ্তি টানার সুযোগ থাকলেই কেবল এতে যুক্ত হতে চান তিনি। ডেপের ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, তা হলো তাদের আরো ভালো একটি সমাপ্তি উপহার দেয়া।’

প্রযোজক জেরি ব্রুকহাইমারকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে ডেপ বলেন, ‘তার সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। তিনি ডাকলে আগামীকালই কাজ শুরু করতে প্রস্তুত আমি। কাজটি কী, সেটিও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়।’

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, ডেপের সঙ্গে নতুন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নিয়ে আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। নির্মাতারা গল্পের উপযুক্ত রূপ খুঁজছেন বলেও জানান তিনি।

২০০৩-১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় অভিনয় করেছেন ডেপ। বিশ্বজুড়ে সিনেমাগুলোর মোট আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডেড ম্যানস চেস্ট’ ও ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’—দুটিই আয় করেছিল ১০০ কোটি ডলারের বেশি।

তবে ব্যক্তিগত ও আইনি জটিলতার কারণে ফ্র্যাঞ্চাইজিটি থেকে ডেপের দূরত্ব তৈরি হয়। ২০২০ সালে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যান অভিনেতা। এরপর ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অব ডাম্বলডোর’ থেকে সরে দাঁড়ান তিনি। সিনেমাটিতে তার পরিবর্তে অভিনয় করেন ম্যাডস মিকেলসেন। পরে ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় জুরি বোর্ডের রায়ে বেশির ভাগ অভিযোগে জয়ী হন ডেপ। তবে হার্ডের পাল্টা অভিযোগের কয়েকটি বিষয়ে তার পক্ষে রায় যায়নি।

এদিকে জনি ডেপ ২০২০ সালে ডিজনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন দুটি সিনেমা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছিল। এর একটি ছিল মার্গট রবি অভিনীত আলাদা গল্পের সিনেমা, অন্যটি সিরিজের ষষ্ঠ কিস্তি। তবে রবিকে নিয়ে পরিকল্পিত সিনেমাটি শেষ পর্যন্ত আর এগোয়নি।

বর্তমানে নতুন সিনেমা ‘এবেনিজার’-এর কাজ নিয়ে ব্যস্ত ডেপ। এছাড়া লায়ন্সগেটের থ্রিলার সিনেমা ‘ডে ড্রিংকার’-এও অভিনয় করছেন তিনি। সিনেমা দুটি ২০২৮ সালে মুক্তির কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া