এ প্রজন্মের অন্যতম ফোক সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই। বহু আগে থেকেই তিনি তার ইউটিউব চ্যানেল ‘ইসরাত জাহান জুঁই’-এ নিয়মিত গান প্রকাশ করে আসছেন। তার চ্যানেলে এখন পর্যন্ত অসংখ্য গান প্রকাশ হয়েছে।
সম্প্রতি জুঁইয়ের কণ্ঠে প্রচলিত ছয়টি ফোক গান ইউটিউবে প্রকাশ পেয়েছে, এগুলো হলো ‘তোমরা আমায় কী বুঝাইবা’, ‘কেনো হলো দেখারে’, ‘কৃষ্ণ আইলো রাঁধার কুঞ্জে’, ‘প্রাণের জ্বালা’ ও ‘ওরে চিকন কালা’। প্রকাশের পর থেকেই প্রতিটি গান শ্রোতা ও দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। প্রতিটি গানের রচয়িতা ও সুরকারের নাম বিস্তারিতভাবে ইউটিউব চ্যানেলে উল্লেখ করা হয়েছে।
জুঁই বলেন, ‘আমি মূলত ফোক ঘরানার শিল্পী। ফোক গান গাইতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বর্তমানে অনেক শিল্পীই ফোক গানের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে ঢাকার বাইরে স্টেজ শোয় ফোক গানের চাহিদা বেশি। তাই আধুনিক গানের শিল্পীরাও এখন ফোক গান পরিবেশন করছেন, যা আমাকে আনন্দ দেয়। আমি সবসময়ই ফোক, মা-মাটি-দেশের গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি।’
তার ইউটিউব চ্যানেলে এর আগেও প্রচলিত বিভিন্ন ফোক গান প্রকাশ হয়েছে।










