চার দেয়াল থেকে অনেক আগেই বের হয়েছে ‘ইত্যাদি’। নব্বইয়ের দশক থেকেই শেকড়ের সন্ধানে আয়োজনটি গেছে দেশের বিভিন্ন প্রান্তে। তুলে ধরছে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রত্ননিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান। তারই ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত সমৃদ্ধ জেলা ঝিনাইদহে।
ইত্যাদি প্রতি পর্বের জন্য চেষ্টা করে ভিন্ন একটি স্থানে অনুষ্ঠানকে নিয়ে যেতে। এবার এর মূল মঞ্চ নির্মাণ করা হয়েছিল এশিয়ার বৃহত্তম কৃষি খামার মহেশপুরের দত্তনগরে। দিগন্তবিস্তৃত ফসলের মাঠের মাঝখানে বটবৃক্ষ চত্বরে বসানো হয়েছিল ইত্যদির মঞ্চ।
ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো ঝিনাইদহেই ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানস্থলকে ঘিরে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে জমজমাট মেলা বসেছিল। হাজার হাজার মটর সাইকেলের সারি। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। মহেশপুরে ধারণ হলেও দর্শক আসেন ঝিনাইদহের বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা ও যশোর থেকেও।
এবারের অনুষ্ঠানে ঝিনাইদহের কিংবদন্তি লোককবি পাগলা কানাইয়ের কথা ও সুরে একটি লোকগানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী ও তসিবা। গানটির সংগীত পরিচালনা করেছেন মেহেদী। খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় কিশোর দাশের সুর ও সংগীত পরিচালনায় আর একটি গানে কণ্ঠ দিয়েছেন ঝিনাইদহের সন্তান জনপ্রিয় শিল্পী মনির খান। এছাড়া অনুষ্ঠানের শুরুতেই রয়েছে ঝিনাইদহকে নিয়ে ঝিনাইদহেরই শৈলকুপার সন্তান মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। পরিবেশন করেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন মোহাম্মদ শাহিন ইসলাম, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী।
শেকড় সন্ধানী ইত্যাদি সবসময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষকে তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সে ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন। রয়েছে ঝিনাইদহের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের সমাজকর্মী পাখি দরদি মানবিক মানুষ জহির রায়হানের ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। পেশায় রঙ মিস্ত্রি জহির ছোটবেলা থেকেই মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছেন। আমাদের দেশের কিছু কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে যেখানে পানির অস্তিত্বই নেই। পানির অভাবে এসব এলাকার মানুষের জীবন ওষ্ঠাগত। চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গম পাহাড়ি এলাকার একটি পাড়ায় পানির কষ্টে থাকা তেমনই কিছু মানুষের ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। চিঠিপত্র পর্বে ঝিনাইদহের মহেশপুরে বন্য প্রাণীর বন্ধু হয়ে ওঠা প্রাণিপ্রেমী নাজমুল হোসেনের কর্মকাণ্ডের ওপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন দেখানো হবে।
৩০ মে হলো সমুদ্র সিংহ বা সি লায়ন দিবস। তাই এবারের বিদেশী প্রতিবেদনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগো শহরের প্রশান্ত মহাসাগরের একটি অসাধারণ সৌন্দর্য সৈকত লা-হোয়-আ কোভে বিশ্রাম নিতে আসা সমুদ্র সিংহ বা সি লায়নের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।
এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে বেশকিছু তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ। ইত্যাদির এ পর্ব আগামী ৩০ মে, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদির স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।










