শুভ নববর্ষ। শুরু হলো নতুন বাংলা বছর। প্রথম দিনটি কেমন কাটল?

শুভ নববর্ষ। পহেলা বৈশাখ প্রতি বছরই উদযাপন করা হয়। গত বছরটাতে একটু ছন্দপতন ছিল। তবে এবার একটু ঘুরে বেড়ালাম। বন্ধু-বান্ধবদের বাড়ি গেলাম। তাদের সঙ্গেই কাটল সময়টা।

আপনার জীবনে বাংলা নববর্ষের গুরুত্ব বা প্রভাব কী?

বাংলা নববর্ষ সবসময়ই আমাদের একটি বড় আবেগের জায়গা। কিন্তু নানা সময় এটা নিয়ে বিরোধিতাও আসে। যখনই এর বিরোধিতা আসে, তখন এ উৎসব উদযাপনের প্রতি মানুষের আবেগ আরো বেড়ে যায়। আমাদের সংস্কৃতির এ গুরুত্বপূর্ণ অংশটাকে অনেকেই মুছে দিতে চান, কিন্তু সেটি হতে দেয়া যায় না। বিরোধিতার কারণেই এর প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে।

বৈশাখকে ঘিরে কনটেন্ট তৈরি ও মুক্তির ধারাটি এখনো তৈরি হয়নি। এটা কী করা যায়?

বৈশাখ এখনো পুরোপুরি চলচ্চিত্র দেখার উৎসবে পরিণত হয়নি। তবে নাটক, টেলিফিল্ম তো আসে। আমার মনে আছে এয়ারটেলের জন্য যখন টেলিফিল্ম শুরু হলো—‘ভালোবাসি তাই’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, তখন সেগুলো পহেলা বৈশাখে রিলিজ হতো। এভাবে বৈশাখকে চলচ্চিত্রের দিন হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা হয়েছিল। তারপর আর হয়নি। আমার মনে হয় এটি আমাদের ধরে রাখা উচিত।

এবার বৈশাখকে কেন্দ্র করে আপনার নির্মিত একটি ওয়েব ফিল্ম আসছে।

পহেলা বৈশাখেই আমার নতুন ওয়েব ফিল্মটি আসছে—‘তুমি আমি শুধু’। এটি একটি সুন্দর অনুভূতির ভালোবাসার গল্প, তবে একটি নতুন সমস্যাকে কেন্দ্র করে। বর্তমান সময়ের তরুণদের মধ্যে যে ধরনের সমস্যা দেখা যায়, সেটাকে কেন্দ্র করেই এটি নির্মাণ করা হয়েছে। ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছে জেফার ও প্রীতম। দুজনের সঙ্গেই আমার কাজের অভিজ্ঞতা ভালো। প্রেমের গল্পে নতুন জুটি সবাই দেখতে চায়, সে কারণেই দর্শকদের এ নতুন জুটি উপহার দেয়া। তবে এটা তৈরি হয়েছিল আরো আগে। এক বছর আগে শেষ করেছি। তবে নানা কারণে দেরি হয়েছে। আমার মনে হয় ভালো একটা সময়ে সেটা এল। আর তরুণদের গল্প নিয়ে নির্মিত হলেও এটি পরিবারের সবাই মিলে দেখার মতো একটি ওয়েব ফিল্ম।

নতুন বছরে পরিকল্পনা কী?

একটা ভালো বছর কাটানোর চেষ্টা করব। হাতে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে এগিয়ে যাব। দর্শকের আরো কাছে যাওয়ার মতো কনটেন্ট নিয়ে কাজ করব।

আপনার দর্শকদের উদ্দেশে কিছু বলবেন?

আপনারা সবাই বেশি বেশি করে আমাদের নাটক-সিনেমা দেখেন। আপনাদের বিনোদনের জন্যই আমরা এগুলো বানাই। আপনাদের আনন্দের জন্যই আমরা কাজ করি। আপনারা দেখুন, বর্তমানে একটা বিরুদ্ধ সময় যাচ্ছে বা আছে। তবুও আমরা ভালো কনটেন্ট তৈরির চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকুন। এ নতুন বছর আপনাদের জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসুক, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক।