এবারের ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গর বিশেষ আয়োজন বঙ্গ ঈদ ফেস্টের অন্যতম বড় আকর্ষণ হিসেবে মুক্তি পেয়েছে এ নাটক। অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা অভিনয় করেছেন নাটকটিতে। স্ট্রিম হওয়ার পর থেকেই বঙ্গর দর্শকের টপ লিস্টে আছে জ্যাকপট।

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত জ্যাকপটের প্রেক্ষাপট গড়ে উঠেছে সীমান্তসংলগ্ন একটি এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক কিছু ঘটনাকে কেন্দ্র করে। জিরা মাসুদ চরিত্রে শিমুল শর্মা এবং ডাইল কাদের চরিত্রে শরাফ আহমেদ জীবনের অনবদ্য রসায়ন দর্শককে দারুণ বিনোদন দিচ্ছে। মূলত চোরাকারবারি, স্থানীয় রাজনীতি ও অনাকাঙ্ক্ষিতভাবে প্রাপ্ত এক বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে নাটকের কাহিনী এগিয়েছে।

নাটকটির সফলতা ও নির্মাণ নিয়ে পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, ‘জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তারা দুজনই অত্যন্ত মেধাবী এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্বই ক্যামেরার সামনে চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমরা সবাই অভিভূত। জীবনের টানাপড়েন আর ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার এক অদ্ভুত মিশেল এ জ্যাকপট।’

শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা ছাড়াও এ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহাসহ আরো অনেকে। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

উল্লেখ্য যে বঙ্গ ঈদ ফেস্টের অংশ হিসেবে এবার টানা ছয়দিনে ছয়টি নতুন এবং এক্সক্লুসিভ কনটেন্ট প্রিমিয়ার করা হয়েছে। জ্যাকপট সে বর্ণিল আয়োজনেরই একটি সফল সংযোজন।