মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ‘বনলতা এক্সপ্রেস’ উত্তর আমেরিকা তথা কানাডা ও যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৩ লাখ ডলারের ‘ক্লাবে’ প্রবেশ করেছে। বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে তানিম নূরের নির্মাণটি এখন পর্যন্ত সেখানে নতুন এক মাইলফলক তৈরি করেছে।
পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রোর দেয়া তথ্যানুযায়ী, প্রথম ১০ দিনে কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩ লাখ ২২ হাজার বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা। এ আয় ৫৪টি থিয়েটার থেকে এসেছে।
তুলনামূলকভাবে দেখা যায়, এর আগে মেজবাউর রহমান সুমন পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ উত্তর আমেরিকায় প্রথম ১০ দিনে আয় করেছিল ৩ লাখ ১৪ হাজার ডলার। যদিও সিনেমাটি প্রদর্শিত হয়েছিল ৮৬টি থিয়েটারে। সেই হিসেবে কম থিয়েটারে প্রদর্শন হলেও ‘বনলতা এক্সপ্রেস’ বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করা হচ্ছে।
এছাড়া ১০-১২ এপ্রিল ‘বনলতা এক্সপ্রেস’ আয় করেছে ৭৬ হাজার ডলার, যা এখন পর্যন্ত দ্বিতীয় সপ্তাহান্তে কোনো বাংলাদেশী চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
পরিবেশক প্রতিষ্ঠান বলছেন, প্রথম ও দ্বিতীয় সপ্তাহান্ত দুই ক্ষেত্রেই ‘হাওয়া’ ও ‘বনলতা এক্সপ্রেস’ ছাড়া অন্য কোনো বাংলাদেশী চলচ্চিত্র এ ধরনের বক্স অফিস পারফরম্যান্স দেখাতে পারেনি।
এ অবস্থায় ধারণা করা হচ্ছে, উত্তর আমেরিকায় ‘হাওয়া’-এর মাইলফলক লাইফটাইম আয় ৩ লাখ ৫৮ হাজার ডলার অতিক্রম করার দিকেই এগোচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।
বাংলাদেশে ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বনলতা এক্সপ্রেস’। স্থানীয় বাজারে আয় এরই মধ্যে ৭ কোটি টাকা ছাড়িয়ে গেছে। অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য মিলিয়ে আরো এক কোটি টাকার বেশি আয় করেছে।
‘বনলতা এক্সপ্রেস’ তারকাবহুল চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, শরীফুল রাজ ও সাবিলা নূর প্রমুখ।










