বাংলাদেশে টেলিভিশনের নিয়মিত গানের অনুষ্ঠান ‘গীতিবিচিত্রা’য় সংগীত পরিবেশন করেছেন তিন সংগীতশিল্পী আঁখি আলমগীর, হোমায়রা বশির ও ছন্দামনি। এ তিন শিল্পীই নিজের গান দিয়েই শ্রোতা-দর্শকের কাছে সমাদৃত হয়েছেন।

এরই মধ্যে বিটিভির গীতিবিচিত্রা অনুষ্ঠানে তারা তিনজন গান গেয়েছেন। তবে প্রত্যেকেই আলাদা আলাদা গান পরিবেশন করেছেন। আঁখি আলমগীর গেয়েছেন ‘তুই আমার জানের জান’ গানটি। এটি লিখেছেন জামাল হোসেন। সুর সংগীত করেছেন পুনম মিত্র। আঁখি আলমগীর বলেন, ‘গানটি চলতি বছরে প্রকাশিত আমার প্রথম গান। এটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। গীতিবিচিত্রায় এর আগেও গান করেছি। এবারো গান গেয়ে ভালো লাগল। আশা করছি, শ্রোতা-দর্শকের বিটিভিতে আমার এ গানের পরিবেশনা ভালো লাগবে।’ হোমায়রা বশির গেয়েছেন ‘গ্রামোফোন’ শিরোনামের একটি গান। এটি লিখেছেন সিফাত শাহরিয়ার। সুর করেছেন হোমায়রার ছোট ভাই রাজা বশির। হোমায়রা বশির বলেন, ‘গ্রামোফোন কিছু দিন আগেই সারগাম সাউন্ড স্টেশনে প্রকাশ হয়েছে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। বিটিভির গীতিবিচিত্রায় শ্রোতা-দর্শকের কথা চিন্তা করেই গাইলাম। আশা করছি, বিটিভিতে আমার পরিবেশনাটি সবার ভালো লাগবে।’ ছন্দামনি গেয়েছেন ‘শ্রাবণের বৃষ্টিঝড়া রাতে’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন তারিকুল ইসলাম। ছন্দামনি বলেন, ‘গীতিবিচিত্রা অনুষ্ঠানে এর আগেও আমি গান গেয়েছি। আবারো গাইলাম। যেহেতু এখন বৃষ্টির সময়, তাই বৃষ্টি নিয়েই আমার গাওয়া মৌলিক গানটি গাইলাম। বিটিভি তো আসলে আমাদের ভীষণ পছন্দের একটি চ্যানেল। এখানে এলে পা রাখলেই ভীষণ ভালো লাগে। গাইলে তো আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ গীতিবিচিত্রার সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’ আঁখি-হোমায়রা ও ছন্দামনি জানান, তাদের অংশগ্রহণের পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।