কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের প্রকাশনা উপলক্ষে ৩০ মে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে। কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার মানিক মিয়া এভিনিউতে। এ কনসার্টে গাইবে দেশের ১০টি ব্যান্ড।

অ্যালবামটিতে অংশ নেবে ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর ব্যান্ড।

কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি নজরুলের আরো কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো। গানের পাশাপাশি থাকবে নজরুলের কবিতা আবৃত্তি থেকে শুরু করে আরো কিছু আয়োজন।

কনসার্টটি নিয়ে নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে বলেন, ‘দায়িত্ব নেয়ার পর আমার এজেন্ডায় এ অ্যালবাম ও কনসার্ট ছিল। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার সাত কর্মসূচিতেও এটি গুরুত্বসহকারে জায়গা পায়। এই যে ছাত্র-জনতার আত্মত্যাগে আমরা একটি বৈষম্যহীন দেশের দিকে এগোচ্ছি, নজরুলের গান কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তাই অ্যালবামটিকে আমরা একটা দায় হিসেবে নিয়েছি। গত কয়েক মাসে দেশের সব বড় ব্যান্ডের সঙ্গে আলোচনা করে ১০টি ব্যান্ডকে নজরুলের উদ্দীপনামূলক গানগুলো রেকর্ড করার দায়িত্ব দিই। ৩০ মে অ্যালবামটি প্রকাশ পাবে, সে উপলক্ষেই এ কনসার্ট।’

অ্যালবামটিতে জায়গা পেয়েছে কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট, ‘এই শিকল পরা ছল্‌’, ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘দুর্গম গিরি, কান্তার–মরু’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘বাজিছে দামামা বাঁধরে আমামা’, ‘পরদেশী মেঘ’ ও ‘জয় হোক জয় হোক’ গানগুলো। কথা, সুর ও স্বরলিপির নির্দেশনা মেনেই গানগুলো তৈরি হচ্ছে।

কনসার্টে অ্যালবামের ১০টি গান গাওয়ার পাশাপাশি আয়োজকদের সৌজন্যে নজরুলের আরো বেশ কয়েকটি উদ্দীপনামূলক গান পরিবেশন করবে ব্যান্ডগুলো।

লতিফুল ইসলাম বলেন, ‘অ্যালবামটি করার উদ্দেশ্য হলো, ভবিষ্যতে এসব গান যদি কোনো ব্যান্ড কাভার করতে চায়, তাহলে গানগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। কারণ প্রতিটি গান সঠিকভাবে করা হচ্ছে। বাণী থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা ঠিক করে দিয়েছি। পুরো প্রকল্পের মেন্টর হিসেবে আছেন নজরুলসংগীত পণ্ডিত ইয়াকুব আলী খান।’

কবি নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, ৩০ মে কনসার্টের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিন বিকাল ৫টায় শুরু হবে কনসার্ট। দর্শক বিনামূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন।