জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে দেশের ডিজিটাল বিনোদন প্লাটফর্ম টফি অ্যাপে। সম্পূর্ণ ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ চুক্তির ফলে কিংবদন্তি যোদ্ধা ওসমান বের ঐতিহাসিক কাহিনী এখন বাংলাভাষী দর্শক নিজেদের ভাষায় উপভোগ করতে পারবে।

বাংলালিংক ও এসআরকে গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলালিংকের পক্ষে চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, টফির ডেপুটি ডিরেক্টর মোদাস্সের আহমেদ ও এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খানসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ‘এসআরকে গ্রুপের সঙ্গে আমাদের চুক্তি নবায়ন করে বাংলায় ডাবকৃত বিশ্বজনপ্রিয় তুর্কি সিরিজ কুরুলুস ওসমানের ছয়টি সিজন এক্সক্লুসিভলি টফিতে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের গ্রাহকদের জন্য ডিজিটাল বিনোদনের মান বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে তারা যেকোনো সময়, যেকোনো স্থানে নিজেদের ভাষায় সেরা মানের বিনোদন উপভোগ করতে পারেন।’

এসআরকে গ্রুপের সিইও শিপলু রহমান খান বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর, বিশ্বব্যাপী প্রশংসিত তুর্কি সিরিজ কুরুলুস ওসমান অবশেষে টফিতে ফিরে আসছে। পুরো দলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে। ঐতিহাসিক এ সিরিজের সব সিজন টফিতে স্ট্রিম করা হবে, যা এসআরকে স্টুডিওজের পক্ষ থেকে ৫৩ জন প্রতিভাবান বাংলাদেশী কণ্ঠ অভিনেতার মাধ্যমে বিশেষভাবে বাংলায় ডাব করা হয়েছে।’

কুরুলুস ওসমান সিরিজটির সংযোজন প্রিমিয়াম আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্টের জন্য টফিকে আরো শক্তিশালী প্লাটফর্মে পরিণত করেছে। ব্যবহারকারীরা এতে নিজেদের পছন্দের ভাষায় নাটক, চলচ্চিত্র ও মৌলিক অনুষ্ঠান দেখতে পারবেন। টফি অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েবে বিনামূল্যে পাওয়া যায়, যেখানে হাজার হাজার প্রিমিয়াম ও ফ্রি কনটেন্ট উপভোগ করার সুযোগ রয়েছে।