বর্ণময় জীবন ছিল কাজী নজরুল ইসলামের। ছেলেবেলা থেকে তার জীবন নিয়েছে নানা বাঁক। এরপর এক সময় সৃষ্টি করেছেন অসাধারণ সব কবিতা, গান, গল্প ও উপন্যাস। কবির এই সব সৃষ্টির প্রতি ভালোবাসা ও মুগ্ধতা থেকে নজরুলকে নিয়ে একটি ডকু ফিল্ম তৈরি করেছেন ফেরদৌস খান। ডকু ফিল্মটি প্রযোজনা করেছেন ড. আল আমিন খান। সাদামাটা নাম দেয়া হয়েছে এর—বায়োগ্রাফি অব নজরুল।
কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তাকে নিয়ে অনেক চলচ্চিত্র, তথ্যচিত্র নির্মিত হওয়ার কথা থাকলেও তত হয়নি। বিচ্ছিন্নভাবে নজরুল ইসলামের ওপর নানা সময় ডকুমেন্টারি তৈরি হয়েছে। কিন্তু তা হলেও পূর্ণাঙ্গ কোনো ডকু ফিল্ম ছিল না। সেই কাজটিই করেছেন ফেরদৌস খান। ময়মনসিংহের ত্রিশাল থেকে এই কাজের যাত্রা হয়। তারপর একে একে কাজ হয়েছে কবি নজরুলের স্মৃতি বিজড়িত বাংলাদেশের ও কলকাতার বিভিন্ন স্থানে। একথা জানালেন ডকু ফিল্মটির প্রযোজক ড. আল-আমিন খান।
কাজী নজরুল ইসলামকে নিয়ে নির্মিত এ ডকু ফিল্ম সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে নিয়ে ছোট ছোট ডকুমেন্টারি ইউটিউবে পাওয়া যায়। কেউ হয়তো করেছে কুমিল্লায় নজরুল, ত্রিশালে নজরুল, কলকাতায় নজরুল বা ঢাকায় নজরুল। আমার মনে হলো, একটা পরিপূর্ণ বায়োগ্রাফি নজরুলকে নিয়ে করা দরকার। সেখান থেকেই আমি এ বায়োগ্রাফি করার উদ্যোগ নিই। আমার মনে হয়েছিল, যে মানুষগুলো ব্যক্তি নজরুল সম্পর্কে জানেন, তারা বেঁচে থাকতে নজরুলকে নিয়ে একটা ফিল্ম হওয়া উচিত। তাই প্রফেসর ড. রফিকুল ইসলাম স্যার, প্রফেসর ড. আনিসুজ্জামান স্যার, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারসহ অনেক গুণিজনের সাক্ষাৎকার রয়েছে এ ডকুফিল্মে।’
ডকু ফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ নির্মিত হয়েছে বছর পাঁচেক আগে। আল-আমিন জানান, ২০২০-এর ২০ নভেম্বর এ ফিল্মের প্রিমিয়ার শো হয় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে। টানা এক সপ্তাহ ফিল্মটি চলে ব্লকবাস্টারে, তারপর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে দুই সপ্তাহ এবং সিনেপ্লেক্স সীমান্ত স্কয়ারেও দুই সপ্তাহ। যারা দেখেছেন তাদের সবাই বলেছেন, নজরুল সম্পর্কে এত কিছু তাদের আগে জানা ছিল না।
২০২১-এর ২৫ মে বাংলাদেশ টেলিভিশনে বায়োগ্রাফি অব নজরুল প্রচার হয়। ২০২৩-এ আমেরিকার মিশিগানে আমন্ত্রিত হয় ‘বায়োগ্রাফি অব নজরুল’, দেখানো হয় দুটি স্টেটে, মিশিগান ও নিউইয়র্কে।
২০২৪-এর আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ফোবানা ফিল্ম ফেস্টে বায়োগ্রাফি অব নজরুল দেখানো হয়। এছাড়া এটি এ বছর আগস্টে আটলান্টা মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়ও দেখানো হবে। এছাড়া আজ সকাল ৯টায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এটি প্রদর্শন করা হবে।
১ ঘণ্টা ৩৪ মিনিটের এ ডকু ফিল্মের মিউজিক ডিরেক্টর ছিলেন পিন্টু ঘোষ।










