সমকালীন শিল্পচর্চার বৈচিত্র্যকে তুলে ধরতে আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত হতে যাচ্ছে একটি প্রদর্শনী। আজ সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন হবে ধানমন্ডিতে অবস্থিত লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রংক ওয়েনার। বিশেষ অতিথি থাকবেন শিল্পী নাজমা আক্তার।

এ প্রদর্শনীর আয়োজক ও সমন্বয়ক শিল্পী আলমগীর কবির। তিনি তার সৃজনশীল উদ্যোগের মাধ্যমে শিল্পচর্চার জন্য একটি উন্মুক্ত ও প্রাণবন্ত প্লাটফর্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিভিন্ন মাধ্যমে নির্মিত মোট ৪০টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীতে নবীন ও প্রতিষ্ঠিত উভয় প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণ লক্ষ করা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। বয়স বা চিন্তার কোনো সীমারেখা ছাড়াই শিল্পীরা তাদের নান্দনিক কল্পনা ও সৃজনশীল স্বাধীনতাকে প্রকাশ করেছেন স্বতন্ত্র ভঙ্গিতে।

27

প্রদর্শনীর বিষয়বস্তু উন্মুক্ত রাখা হয়েছে, ফলে প্রত্যেক শিল্পী নিজস্ব দৃষ্টিভঙ্গিতে কাজ করেছেন। প্রকৃতির বৈচিত্র্য, পদ্মা নদীর দৃশ্য, ঘাটে নোঙর করা নৌকা, কলস হাতে নারী, প্রাণীদের মুক্ত বিচরণ, ফুলের প্রতি মমতা—এছাড়া রয়েছে প্রতিকৃতি, ফিগারেটিভ ও বিমূর্ত শিল্পকর্ম।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আলমগীর কবির, বায়ান শফিক, ফারজানা রহমান, মাহবুবা বেগম, ওয়ানিয়া তাহসিন রহমান, রাজিয়া সুলতানা খান, তাহেরা বানু (কেয়া), জেইন শফিক। প্রত্যেক শিল্পী তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপনের মাধ্যমে একটি সম্মিলিত শিল্প-আখ্যান নির্মাণ করেছেন। এ উদ্যোগ ব্যক্তিস্বাতন্ত্র্যকে উদযাপন করার পাশাপাশি সমকালীন ভাবনা, রূপ ও অভিব্যক্তির গভীর অনুসন্ধানকে সামনে নিয়ে আসে।

আয়োজকরা জানান, বিভিন্ন ধারার শিল্পীর অংশগ্রহণে এ প্রদর্শনীতে সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক রূপ উঠে আসবে। নানা মাধ্যম, শৈলী ও ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে ডিফারেন্ট স্ট্রোকস বাংলাদেশের সমকালীন শিল্পের বিকাশমান পরিসরকে তুলে ধরবে। পাশাপাশি শিল্পী ও দর্শকের মধ্যে একটি প্রাণবন্ত সংলাপের ক্ষেত্র তৈরি করবে।

ডিফারেন্ট স্ট্রোকস প্রদর্শনীতে শিল্পপ্রেমী, সংগ্রাহক, শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ দর্শককেও আমন্ত্রণ জানিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ। আয়োজকদের মতে, এ প্রদর্শনী থেকে শিল্পের বহুমাত্রিকতা ও সৃজনশীলতার এক অনন্য অভিজ্ঞতা উপভোগ করা যাবে। উল্লেখ্য, প্রদর্শনীটি ২২ এপ্রিল পর্যন্ত চলবে।