একুশে পদকপ্রাপ্ত দুই গুণী ও কিংবদন্তি শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত। এ দুই শিল্পীকে নিয়ে নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন তারা দুজন। দিলারা জামান অভিনয় করেছেন ‘বেলা’ চরিত্রে, আর আবুল হায়াত ‘বিকেল’ চরিত্রে। তাদের সঙ্গে আরো অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজ ও আশপাশের এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।

আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মাণ হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবির সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এ নাটকে কাজ করতেও বেশ ভালো লেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সব মিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

দিলারা জামান বলেন, ‘এখনো সুস্থ আছি, ভালো আছি, নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে কাজ করতে পারছি এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়স তো আর কম হলো না। তার পরও ঠিকঠাক এখনো কাজ করতে পারছি, এটাই ভালো লাগার। শুধু তাই নয়, নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন এটাই আসলে ভালো লাগার। শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় বেলা ও বিকেল নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন, জানতে পারবেন।’