গল্পের নায়িকা নিলু। বয়স ২৮ বছর। গোছানো ও পরিপাটি। নিলু বাসায় বুটিকসের কাজ করে। শহরের বাড়িতে বাড়িতে কাপড় বিক্রি করে। পাশাপাশি একটা টিউশনি করে। রাস্তাঘাটে বের হলে প্রায়ই বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়। নিলু চুপচাপ ও লাজুক বলে তেমন প্রতিবাদ করতে পারে না। নীরবে সহ্য করে যায়। নিলুর ভাই ফরিদ মালয়েশিয়ায় থাকে। কিন্তু ভিসা জটিলতার কারণে বেশ কিছুদিন জেলে বন্দি। ভাইয়ের এ বিপদের কারণে নিলু একাই তাদের সংসার সামলাচ্ছে। হুট করে বাসায় একটা চিঠি আসে। চিঠিটা তার ভাই ফরিদের। সে জানিয়েছে, তার কাছের বন্ধু হাসান নামে একজন মেহমান আসবে বেড়াতে। মাস দুয়েক থাকবে। তাকে যেন যত্ন করে রাখে সবাই। হাসান আসে। নিলুকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। হাসান নিলুকে একটা স্কুটি কিনে দেয়, যাতে সে সহজে যাতায়াত করতে পারে। যদিও নিলু তা নিতে চায়নি। কিন্তু হাসান নিলুকে জানায়, আয় করে তাকে টাকা ফেরত দিলেই হবে। নিলু আর হাসানের দিন দিন সখ্য বাড়তে থাকে। নিলুকে গোপনে ভালোবেসে হাসান নিলুর একটা নামও দিয়ে দেয়। নীলিমা। এদিকে নিলু আর হাসানের এ মেলামেশা মহল্লার কেউ ভালো চোখে দেখছিল না। নিলু এ নিয়ে মহল্লার মানুষের সঙ্গে তর্ক করে। মনে মনে নিলুও কি হাসানকে ভালোবেসে ফেলেছে! এর মধ্যে মালয়েশিয়া থেকে ফরিদ চিঠি লিখে জানায়, হাসান যেন তাদের বাড়িতে থেকে নিলুর বিয়ে দিয়ে আসে। খালাতো ভাই জাবেদের সঙ্গে নিলুর বিয়ের কথা প্রায় ঠিক হয়ে ছিল। এখন কী করবে হাসান?
এমনই গল্প নিয়ে নাটক ‘রূপকথার মতো’। আব্রাহাম তামিমের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও স্পর্শিয়া। নাটকটি আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।










