গতকাল মুক্তি পেল ‘মিশন: ইম্পসিবল—দ্য ফাইনাল রেকনিং’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেল সিনেমাটি। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের ভক্ত অনুরাগীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে এ সিনেমা নিয়ে। তাই অগ্রিম টিকিট বিক্রিতেও এগিয়ে ছিল সিনেমাটি। হাই ভোল্টেজ এ সিনেমার পাশাপাশি একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে মার্ভেল স্টুডিওর নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’। সিনেমাটি নিয়েও দর্শকের যথেষ্ট কৌতূহল লক্ষ করা যায়।
হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের উন্মাদনা বরাবরই তুঙ্গে থাকে। এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার ভক্তরা মুখিয়ে রয়েছেন সিরিজের অষ্টম সিনেমাটি দেখার জন্য। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এর বিশেষ প্রদর্শনী হয়েছে। যেখানে অংশ নিয়েছেন টম ক্রুজসহ সিনেমার কলাকুশলীরা। তিন বছর আগে কান চলচ্চিত্র উৎসবে ‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে যেভাবে উড়াল দিয়েছিলেন, সেই একই কায়দায় আবারো আলোড়ন তুললেন টম ক্রুজ। এবার তিনি নিয়ে এসেছেন ক্রিস্টোফার ম্যাকুয়েরের পরিচালনায় মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং। সিনেমাটিকে এ বছরের কান উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত হলিউড প্রিমিয়ার হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের দর্শকও টম ক্রুজকে পছন্দ করেন। সেই সঙ্গে ক্রুজের এ সিরিজের সিনেমা নিয়ে তাদের আছে দারুণ আগ্রহ। সব বিষয় বিবেচনায় রেখেই স্টার সিনেপ্লেক্স সিনেমাটি নিয়ে এসেছে। এদিকে আছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থান্ডারবোল্টস।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ধাপের শেষ সিনেমা থান্ডারবোল্টস। ২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও কানাডায় ৭৬ মিলিয়ন ডলার আয় করেছে এ সিনেমা, যা গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমের জন্য একটি শক্তিশালী সূচনা। আন্তর্জাতিকভাবে এটি ৮ কোটি ৬১ লাখ ডলার আয় করেছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ২০ লাখ ডলার।
এরিক পিয়ারসন ও জোয়ানা ক্যালোর চিত্রনাট্য থেকে সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাক শ্রিয়ার। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পু, সেবাস্তিয়ান স্ট্যান, ওয়াট রাসেল, ওলগা কুরিলেনকো, লুইস পুলম্যান, জেরাল্ডিন বিশ্বনাথন, ক্রিস বাউয়ার, ওয়েন্ডেল পিয়ার্স, ডেভিড হারবার, হান্না জন-কামেন ও জুলিয়া লুই-ড্রেফাস। সিনেমায় একদল অ্যান্টিহিরো একটি মারাত্মক ফাঁদে আটকা পড়ে এবং একটি বিপজ্জনক মিশনে একসঙ্গে কাজ করতে বাধ্য হয়। একটি অস্বাভাবিক সুপারহিরো দলের গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি, যারা মূলত অ্যান্টিহিরো বা বিতর্কিত অতীতের চরিত্র।
মার্ভেলের সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে থান্ডারবোল্টস ভালো করেছে। এ সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকও আগ্রহী। স্টার সিনেপ্লেক্সে তারা দেখতে আসছেন সিনেমাটি।










