বিশ্বের বৃহত্তম সিনেমা চেইনের একটি এএমসি। সম্প্রতি এটি তাদের টিকিটে ছাড় দিচ্ছে। ৮ জুলাই থেকে তারা এ ছাড় শুরু করেছে। তাদের পরিকল্পনা অনুসারে, স্টাব প্রোগ্রামের সদস্যদের জন্য মঙ্গল ও বুধবার টিকিটে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। এ অফারের মাধ্যমে এএমসির পুরনো একটি অফার প্রতিস্থাপন হলো। পুরনো অফারে তারা ৫ ডলারে সিনেমার টিকিট দিচ্ছিল। তবে এবার টিকিটের দাম অর্ধেক করার পাশাপাশি তারা ছোট পপকর্ন ও পানীয়তে ছাড় দিচ্ছে।
তবে এ অফারের কিছু সীমাবদ্ধতা ও শর্তও থাকছে। যেমন আইম্যাক্স ও থ্রিডি ফরম্যাটের সিনেমায় এ অফার থাকবে না। তাছাড়া মঙ্গল ও বুধবার কোনো সরকারি ছুটি থাকলে সেদিন ছাড় দেয়া হবে না। এএমসি তাদের স্টাব প্রোগ্রামে সাড়ে তিন কোটির বেশি সদস্যকে অন্তর্ভুক্ত করেছে।
মূলত সিনেমাই দর্শককে টেনে আনে থিয়েটারে। ভালো সিনেমা দেখতে আসেন দর্শক। সেক্ষেত্রে প্রভাব রাখে তারকা, পরিচালক, সিনেমার গল্প। পছন্দের তারকার সিনেমা দেখতে যায় দর্শক। আবার পছন্দের তারকা না থাকলেও পছন্দের পরিচালক হলেও দেখতে যায় তারা। দুটোর কোনোটা না থাকলেও গল্প ভালো মনে হলে তারা সিনেমায় যায়। কিন্তু টিকিটের দামও প্রভাব রাখে। টিকিটের দাম কম হলে যেকোনো সিনেমা দেখতে যাওয়ার দর্শকের অভাব হয় না। দেখা গেছে, কোনো মঙ্গলবার টিকিটের দাম কমালে সেদিন দর্শক ঠিকই গিয়েছে সিনেমা দেখতে।
কভিডের পর দর্শক কমেছে সিনেমা হলের। হলিউডের অবস্থা মন্দা। এএমসি নানাভাবে চেষ্টা করছে দর্শককে হলে ফেরানোর। টিকিটের দাম কমানোর পাশাপাশি এখন থেকে একটি সিনেমার স্ক্রিনিংয়ের সময় অন্য সিনেমার ট্রেলার চালানো এবং সিনেমা শুরুর আগে দেখানো হবে বিজ্ঞাপনও। এভাবেই তারা মূল্য কমানোর পাশাপাশি খরচ ও মুনাফা সমন্বয় করবেন।
সূত্র: ভ্যারাইটি










