ঈদুল আজহার বাকি ১০ দিনের কম। এরই মধ্যে ঈদের নাটকের প্রস্তুতি শেষ করে এনেছেন প্রায় সব নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। প্রতি ঈদের মতো এবারো সিএমভি আনছে বেশকিছু নাটক। তার মধ্যে একটি হলো ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা অভিনীত ‘আশিকি’। নাটকটিতে আশিক ও জেসের গল্প বলা হয়েছে। আশিক মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। একই কলেজের শিক্ষার্থী ধনীর দুলালি জেস। কলেজে যার প্রভাবের অন্ত নেই। গল্পের ধরনটা পরিচিত। তবে নির্মাতা জানান, এটিকে গড়পড়তা গল্পে রাখেননি তারা। বিষয়টি এমন নয়, অবশেষে আশিক-জেসের পরিচয় ও প্রেম এবং ঘরপালিয়ে বিয়ে! বরং এ গল্পে রয়েছে জটিল সব বাঁক। রয়েছে আনন্দ আর বিষাদের অসাধারণ মেলবন্ধন।
নাটকে আশিক চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। জেস চরিত্রে দেখা যাবে নাজনীন নীহাকে। দুজনকে নিয়ে ঈদের বিশেষ নাটক আশিকি নির্মাণ করেছেন ইমরোজ শাওন। সিএমভির ব্যানারে পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফিতে আছেন খায়ের খন্দকার। আশিকি প্রসঙ্গে এর নির্মাতা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে অনেকগুলো বিষয় প্রতিফলিত হবে। একজন শিল্পীর স্ট্রাগল জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালির দারুণ এক প্রেমের বয়ানও থাকছে।’










