আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা বছরভর নানা আয়োজনে ব্যস্ত থাকে। প্রতি মাসেই থাকে নতুন নতুন প্রদর্শনী। কখনো চিত্রকর্ম, কখনো ভাস্কর্য, কখনো আলোকচিত্র আর কখনো পারফর্মিং আর্ট—সব নিয়েই কাজ করে প্রতিষ্ঠানটি। এবার সেখানে হচ্ছে নতুন এক প্রদর্শনী। এর বিশেষত্ব হলো, এতে অংশ নিচ্ছেন উদীয়মান শিল্পীরা। ২৯ জন স্বাধীন ও উদীয়মান বাংলাদেশী শিল্পীর অংশগ্রহণে আসছে AESTHETE নামের শিল্প প্রদর্শনী। প্রদর্শনীটির উদ্বোধন হবে আগামীকাল।
এ আয়োজনের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত শিল্পী ও অধ্যাপক ইমেরিটাস রফিকুন নবী। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিল্পানুরাগী রকিব মোহাম্মদ ফখরুল ও খ্যাতিমান শিল্পী রঞ্জিত দাস।
এ আয়োজন নিয়ে আলিয়ঁস জানায়, প্রদর্শনীটি বর্তমান সময়ের শিল্পচর্চার একটি তাৎপর্যপূর্ণ অনুবাদ। এখানে প্রায় ৩৫টি চিত্রকর্ম ও ভাস্কর্য স্থান পেয়েছে, যা নানা মাধ্যম, দৃষ্টিভঙ্গি ও নান্দনিক শৈলীর বৈচিত্র্য তুলে ধরে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন আবদুল্লাহ আল বশির, আব্দুস সাত্তার তৌফিক, আল-আখির সরকার, আনজুম সুলায়মান, অনুকূল চন্দ্র মজুমদার, আশফাক ব্যাপি, বিপ্লব চক্রবর্তী, বিশ্বজিৎ গোস্বামী, কে. জামান শিমুল, কামাল উদ্দিন, কামরুজ্জোহা, কাজী শহীদ, লুৎফা মাহমুদা, মো. জিয়াউর রহমান, মঞ্জুর রশিদ, মুনতাসির মঈন, নাঈম জামান, নাজিয়া আহমেদ, প্রদ্যুৎ কুমার দাস, রত্নেশ্বর সূত্রধর, রেজাউর রহমান, রুহুল আমিন তারেক, এসএম সাহা আনিসুজ্জামান ফারুক, সাহেব চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈয়দ গোলাম দস্তগীর, ত্রিবেদী গোপাল চন্দ্র গুপ্ত।
প্রদর্শিত শিল্পকর্মগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, লোকজ সংস্কৃতি, সামাজিক-রাজনৈতিক বাস্তবতা ও সমকালীন জীবনের গল্প বলে। আয়োজনটি নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ ইতিবাচক ধারণা রাখে। এছাড়া উদীয়মান এ শিল্পীদের কাজের বৈচিত্র্য শিল্পানুরাগীদের আকর্ষণ করবে বলেই ধারণা করা যায়। প্রদর্শনীটি সপ্তাহব্যাপী চলবে। আগামীকাল শুরু হয়ে এটি শেষ হবে ১৫ জুলাই। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।










