বাংলাদেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় নাম ইমরান মাহমুদুল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তরুণ এ শিল্পী। জনপ্রিয়তা ও স্বীকৃতির সঙ্গে নতুনদের জন্যও তিনি অনুসরণীয়। আর তিনিও তরুণ শিল্পীদের সঙ্গে কাজ করার ব্যাপারে দারুণ ইতিবাচক মনোভাব রাখেন। দ্বৈত গানের ব্যাপারে সবসময় নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন। সে ধারাবাহিকতায় এবার ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত গান করার সুযোগ পেলেন ২০১৬ সালের ক্ষুদে গানরাজখ্যাত হুমায়রা ঈশিকা। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। গানটি লেখার পাশাপাশি, সুর সংগীত ও প্রোগ্রামিং করেছেন ইমরান মাহমুদুল।

আবার এরই মধ্যে এ গানের মিউজিক ভিডিওর কাজও শুরু হয়েছে। গত শনিবার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এ গানের মিউজিক ভিডিও হয়েছে। আজ থেকে কক্সবাজারে গানটির শুটিং শুরু হবে। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন সৈকত রেজা। ভিডিওতে থাকছেন কেয়া পায়েল। এ নিয়ে অষ্টমবারের মতো তারা ইমরানের মিউজিক ভিডিওর মডেল হলেন তিনি। ইমরান কেয়া পায়েলের জনপ্রিয় মিউজিক ভিডিওগুলো হচ্ছে ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এত ভালোবাসতে পারে’, ‘মন ছুটে যায়’ ইত্যাদি।

গান প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে কেয়া পায়েলের সঙ্গেই এত মিউজিক ভিডিও কেন? প্রশ্নটা মাথায় রেখেই বলছি, আসলে তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সব কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। ২০২১ সালে আমরা সর্বশেষ একসঙ্গে কাজ করেছি। কিন্তু বিগত চার বছরে দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজে দেখার। যে কারণে আবারো তার সঙ্গে কাজ করা।’

এ গানের সহশিল্পীর প্রশংসা করে ইমরান বলেন, ‘ঈশিকা খুব ভালো গায়। নতুন হিসেবে ঈশিকা অনেক প্রমিজিং। গানটি ঈশিকা অনেক ভালো গেয়েছে। আমি খুব আশাবাদী।’

কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই, বিষয়টি শুধু এমনই নয়। আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। আমার অভিনীত ‘উড়াল পাখি’ নাটকে ইমরান ও কণা আপুর গাওয়া সখী তোমারে বাঁধিব গানটি আমার খুব প্রিয়। পারব না তোমাকে ছাড়তে একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

ঈশিকার জন্য ইমরানের সঙ্গে গান গাওয়ার বিষয়টি একটি বড় পাওয়া। এছাড়া গানের পেছনে আছে একটা গল্প। এ নিয়ে তিনি বলেন, ‘গানটা শুরুতে ইমরান ভাইয়ার একক গানই ছিল। পরবর্তী সময়ে আসলে হঠাৎ করেই গানটা দ্বৈত গান হয়ে গেল। ইমরান ভাইয়া বাংলাদেশের একজন মেধাবী গায়ক। তার সঙ্গে দ্বৈত গান করতে পারা সত্যিই আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ শিগগিরই এটি ‘ইমরান মাহমুদুল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।