জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী খুব বেশি নাটকে একসঙ্গে কাজ করেননি। তবে তাদের সবক’টি নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এ জুটির নাটকগুলোও আলোচিত হয়েছে বেশ।

এবার তাদের দেখা যাবে আসছে ঈদের জন্য নির্মিত ‘‌ফিরে আসো’ নাটকে। মেজবাহউদ্দিন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন রুবেল হাসান। চ্যানেল আইয়ে নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৩০ মিনিটে।

মানসম্পন্ন কাজ দিয়ে অনেক জুটিই দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তেমনই এক জুটি অপূর্ব ও তটিনী। এ জুটি যখনই কোনো নতুন কাজ নিয়ে হাজির হন, দর্শক তা সাদরে গ্রহণ করে।

সর্বশেষ ‘‌অ্যাবসেন্ট মাইন্ড’ নাটকে অভিনয় করেছিলেন তারা। এটিও পরিচালনা করেছেন রুবেল হাসান। নতুন নাটকে কাজের অভিজ্ঞতা নিয়ে অপূর্ব বলেন, ‘‌দর্শক নাটকে যে ধরনের গল্প দেখতে চায়, ফিরে আসো তেমনটি। বেশ আগে নাটকটির কাজ করেছিলাম। নির্মাতা রুবেল হাসানসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছেন কাজটির জন্য। কাজটি নিয়ে আমি খুব আশাবাদী।’

তটিনী বলেন, ‘‌এ নাটকে অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেক দিন পর কাজ করেছিলাম। তার সঙ্গে অভিনয় করলে অভিনয়ের স্কুলিংটা ভালো হয়। এবারো অভিনয় করে তাই মনে হয়েছে। আর রুবেল হাসান বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’

টিভি নাটকে একসময় অপূর্বকে নিয়মিত দেখা গেলেও এখন অনিয়মিত তিনি। ওটিটির কাজ নিয়েই তার যত ব্যস্ততা। ভালো গল্প ও চরিত্র পেলে মাঝেমধ্যে তাকে দেখা যায় ছোটপর্দার কাজে। অন্যদিকে তটিনী ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ভিন্নধর্মী কিছু চরিত্রে দর্শক তাকে দেখতে পাবেন। এমনই আভাস দিয়েছেন কয়েকজন নির্মাতা।