দীর্ঘদিন ধরেই কিডনি ও ডায়াবেটিস সমস্যায় ভুগছেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৫ জুলাই থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বরেণ্য এ সংগীতশিল্পীর শারীরিক অবস্থা জানতে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান গতকাল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনকে দেখতে গিয়েছিলেন। ফরিদা পারভীনের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তিনি সচেতন আছেন এবং চোখ খুলে তাকাতে পারছেন। সকালে ছেলের সঙ্গে কথাও বলেছেন কিছুটা। ‌তার স্বামী বিশিষ্ট বংশীবাদক গাজী আব্দুল হাকিম গতকাল এ কথা জানান। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তারা কাজ করবেন। বিদেশে নিতে হলে বিদেশে নিয়ে যাওয়া হবে।‌ এদিকে সংস্কৃতি সচিব গাজী আব্দুল হাকিমকে আশ্বস্ত করে বলেন, ফরিদা পারভীনের ব্যাপারে সরকার যথোপযুক্ত সহায়তা প্রদান করবে।‌

ফরিদা পারভীনকে দেখতে সংস্কৃতি সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী এবং শিল্পী কল্যাণ সমিতির সভাপতি শাওয়াল খান।

হাসপাতালের ইন্টেসিভ কেয়ার ইউনিটে ফরিদা পারভীন চিকিৎসাধীন রয়েছেন। ‌তার কিডনিজনিত সমস্যা গুরুতর রূপ ধারণ করেছে। ‌সেই সঙ্গে যুক্ত হয়েছে সেপটোসেমিয়া।