বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন (৬১) মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। অভিনেতা ফরহাদ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।
চ্যানেল আই প্রেস উইংয়ের পক্ষ থেকে ইমরান পরশ এক বার্তায় জানিয়েছেন, আগামীকাল সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য এ তুখোড় অভিনেতা। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি।
শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। এছাড়া সবশেষ সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।
২০০৮ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শামস সুমন।










